মাঠ অফিস পরিদর্শনের ব্যবস্থা চালু করছে ইসি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২৩:০৩
মাঠ পর্যায়ের সব অফিসে পরিদর্শন ব্যবস্থা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য একটি পরিদর্শন নীতিমালা তৈরি করা হয়েছে। এই নীতিমালার আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কমিশনের কোন অফিস কি ধরনের কাজ করছে তা নির্দিষ্ট ছকে পূর্ণাঙ্গ তথ্যসহ সচিবালয়ে প্রতিবেদন পেশ করতে হবে। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেন, পরিদর্শন নীতিমালা নিয়ে কাজ চলছে। আশা করছি দ্রুত এটি অনুমোদন করা যাবে। তবে ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম ইত্তেফাককে বলেন, বুধবার কমিশন সভায় নীতিমালাটি অনুমোদন পাবে। এরপর এটি কার্যকর হবে। কর্মকর্তারা ইত্তেফাককে জানান, ইসি সচিবালয়ের সঙ্গে সংযুক্ত সব অফিস এই কার্যক্রমের আওতায় আসবে। নিয়মিত, আকস্মিক ও বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ জানান, সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির অফিস পরিদর্শন নীতিমালা না থাকায় ইচ্ছামতো চলে আসছে সব কার্যক্রম। তাই সবকিছুকে একটি নিয়মনীতি ও জবাবদিহিতার মধ্যে আনার লক্ষ্যে পরিদর্শন গাইড লাইন তৈরি করা হচ্ছে।