খুন-নির্যাতনের চিত্র বিদেশিদের কাছে তুলে ধরবো :ফখরুল

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২৩:০৩
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে গুম-খুন-নির্যাতনের মাধ্যমে সরকার মানবতাবিরোধী অপরাধ করছে। আমরা দেশে ও বিদেশে সরকারের এই অপরাধের চিত্র তুলে ধরবো। ফখরুল বলেন, দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী- গত ১৪ মাসে ৩১০ জনকে গুম ও খুন করা হয়েছে। ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ২৭২ জন খুন এবং ২৫ জন গুম হয়েছে। অপহরণের পর কারও লাশ পাওয়া গেছে, আবার কারও লাশই পাওয়া যায়নি। দিনে-দুপুরে প্রকাশ্যে একের পর এক খুন-গুম হচ্ছে। সর্বশেষ নারায়ণগঞ্জে পাঁচজনকে একসঙ্গে গুম করা হয়েছে। অথচ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই করতে পারছে না। তিনি অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষকে নিরাপত্তা না দিয়ে কেবল বিরোধী দলকে দমন ও নিপীড়ন করতে ব্যস্ত আছে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সভা না করতে দেয়ার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে যে, এই দেশে গণতন্ত্র নেই। সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।