বিস্ফোরক না থাকায় ১৪ দিন ধরে বন্ধ রয়েছে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলনের কাজ। এর ফলে ২ সপ্তাহে প্রায় ২১ হাজার টন পাথর উত্তোলিত হয়নি। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীর জেনারেল ম্যানেজার (অপারেশন) মীর আব্দুল হান্নান বলেন, বিস্ফোরকের মজুদ শেষ না হলেও কমে এসেছে।
মধ্যপাড়া কঠিন শিলা খনির এক নির্ভরযোগ্যসূত্রে জানা যায়, দেশের একমাত্র কঠিন শিলা খনি মধ্যপাড়ায় শক্তিশালী বিস্ফোরকের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে পাথর উত্তোলনের পদ্ধতি অবলম্বন করা হয়। গত দেড় বছর থেকে অপ্রতুল বিস্ফোরকের জন্য পাথর উত্তোলনের পরিমাণ আশংকাজনক হারে হ্রাস পায়। এক পর্যায়ে নতুন কোম্পানি হিসাবে বেলারুশ ভিত্তিক জার্মানিয়া ট্রাস্ট কনসেটিয়াম কোম্পানি (জেটিসিসি) গত ফেব্রুয়ারি থেকে পুরোদমে পাথর উত্তোলনের কাজ শুরু করে। কিন্তু বিস্ফোরকের মজুদ শেষ হওয়ায় চলতি মাসের এপ্রিলের ১৪ তারিখ থেকে পাথর তোলার কাজ বন্ধ রয়েছে। এর ফলে পাথর উত্তোলনে নিয়োজিত প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ অর্থের লোকসান দিতে হচ্ছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।
