মহান মে দিবস উপলক্ষে এবার শ্রমিক সমাবেশ হবে গাজীপুরে। গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ময়দানে স্থানীয় জেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল সোমবার বিকালে গাজীপুর চৌরাস্তায় এক জনসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, কেন্দ্রীয় সহ-সম্পাদক সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান প্রমুখ।
সভায় মহান মে দিবস উপলক্ষে গাজীপুরের ভাওয়াল কলেজ মাঠে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত জনসভাকে সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করা হয়। এ উপলক্ষে পোষ্টার, লিফলেট, মাইকিং, ব্যানার তৈরিসহ জনসভার প্রচার-প্রচারণার জন্য সকলকে ব্যাপক প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়।
