বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র সায়াদ ইবনে মমতাজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আজ মঙ্গলবার থেকে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি আদায়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে- এমন অভিযোগ তুলে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রত্যাহার করে নিয়েছে শিক্ষক সমিতি।
সায়াদ হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার, নাম উল্লেখ করে মামলা, গঠিত সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দাবিতে গতকাল সোমবার প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল আন্দোলকারী এক ছাত্রীকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। তারা জানায়, সায়াদ হত্যার সুষ্ঠু বিচার দাবিতে ও ছাত্রী লাঞ্ছনার ঘটনায় আজ থেকে ক্যাম্পাসে ছাত্র ধর্মঘট চলবে।
