লাস্ট বেঞ্চের ছেলেটি
লাস্ট বেঞ্চের ছেলেটি একখানি গল্পগ্রন্থ। এটি লিখেছেন সুপরিচিত লেখিকা রুশিদান ইসলাম রহমান। রুশিদান ইসলাম রহমান ছোটদের জন্য লিখছেন দীর্ঘদিন ধরে। ছোটদের জন্য তার প্রকাশিত রতনের গ্রাম রবীনের সমুদ্র ও সানু এখন ক্রিকেটে মাঠে বইদুটি ছোটদের কাছে আদৃত হয়েছে। তার লেখা রবীন্দ্রসাহিত্য বিষয়ক প্রবন্ধ সংকলন দেড়শত বর্ষ পরে: রবীন্দ্রভুবনে আরেকখানি উল্লেখযোগ্য গ্রন্থ।
আলোচ্য গ্রন্থ লাস্ট বেঞ্চের ছেলেটিতে মোট ৯টি গল্প সংকলন করা হয়েছে। এর মধ্যে লাস্ট বেঞ্চের ছেলেটি, গরু-ছাগলের কারবার, পরীবন্ধু ও দুঃখ, রবি ঠাকুর এসেছিলো শান্তদের বাসায় ও যুদ্ধ যুদ্ধ খেলা বিশেষভাবে উল্লেখ্য। গল্পগুলোয় হাসি, হাস্যরস, সামাজিক বিষয় এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সবগুলো গল্পই শিশুতোষ। রবিঠাকুর এসেছিল শান্তদের বাসায় গল্পটি ভারি মজার। লেখিকা শান্তর মা হারানোর করুণ চিত্রটি রবীন্দ্রনাথের কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। শান্ত রবীন্দ্র সংগীত শুনছিলো তার মায়ের কণ্ঠে। গল্পের এ অংশটি লেখিকা এভাবে ফুটিয়ে তুলেছেন:
পড়া হলে (শান্ত) থেমে বলল, ‘জানো বাবা, তখন টিভিতে একটা গান হচ্ছিল।’ ‘কি গান?’ বাবা জানতে চাইলেন। ‘সার্থক জনম মাগো, জন্মেছি এই দেশে।’
‘তখনি আমি পিছন ফিরলাম। দেখি মা রান্নাঘরের দরজাতে দাঁড়িয়ে এই গানটাই গাইছে।’
শান্তর চোখেমুখে আনন্দের আভাস। বলল, ‘বাবা, তুমি কেন উঠে এসেছ? সাথে সাথে ওরা চলে গেল।’ বাবা বললেন, ‘যায়নি। আবার আসবে। এসব কবিতার সাথে আসবে।’
মুক্তিযুদ্ধ বিষয়ক গল্পটি অপূর্ব এবং বাস্তবধর্মী। সংকলিত অন্য গল্পগুলো সুন্দর। সহজ-সরল বর্ণনা। উন্নতমানের কাগজে ছাপা। তবে প্রত্যেকটি গল্পের অলঙ্করণ থাকলে ভালো হতো। বইটি প্রকাশিত হয়েছে ঢাকার ৩৮/৪ বাংলাবাজারের ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। মূল্য একশত টাকা। লাস্ট বেঞ্চের ছেলেটি ছোটবড়ো সকলের কাছে সমাদৃত হবে বলে আমার বিশ্বাস।
