ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়, বালিয়া

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ১৯:৩২
আমি তানজিনা আফরিন সম্পা ‘ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়, বালিয়া’ এর দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলার বালিয়া গ্রামে অবস্থিত এ বিদ্যালয়ের পূর্ব নাম ছিল ‘বালিয়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়‘। প্রখ্যাত রাজনীতিবিদ প্রাক্তন প্রধান মন্ত্রী শিক্ষানুরাগী আতাউর রহমান খান ১৯৫৭ সালের ৭ জানুয়ারি ৭.৫১ একর জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে প্রতিষ্ঠাতা আতাউর রহমান খানের সেঝো ভাই ওদুদুর রহমান খানের মৃত্যুর পর ওয়ারিশানগণ তাঁর সম্পদ এ বিদ্যালয়ে দান করেন এবং বালিয়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের নতুন নাম করণ হয় ‘ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়, বালিয়া’। এ প্রতিষ্ঠানে রয়েছে খেলার মাঠ, সুসজ্জিত বিজ্ঞানাগার, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব। এতে শিক্ষক রয়েছেন ২৬ জন। শিক্ষার্থীর সংখ্যা ১৭০০ জন। আমাদের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক একজন এম.এ.এম.এড । অন্যান্য শিক্ষক বৃন্দও যথোপযুক্ত। পাঠ আদান প্রদান, শিক্ষা, সাংস্কৃতিক চর্চা, খেলাধূলা, শরীরচর্চা সহ সবকিছুতেই তাঁরা আমাদের প্রতি আন্তরিক ও যত্নশীল। এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটির ফলাফল সন্তোষজনক। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি চলে নানা প্রকার আচার অনুষ্ঠান। ধামরাইয়ের ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়টি শিক্ষা ও সংস্কৃতির এক অনন্য আধার। এই বিদ্যাপীঠটি ধামরাই উপজেলার অন্যতম বিদ্যাপীঠ। ওমানের মাসকট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মনসুর রহমান (গণিতে ফার্স্ট ক্লাশ ফার্স্ট, গোল্ড মেডেলিস্ট, কে.এন.এস.) এ বিদ্যালয়েরই প্রাক্তন কৃতি ছাত্র। আজীবন দাতা সদস্য বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি প্রাক্তন এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান খান, আজীবন দাতা সদস্য ওবায়দুর রহমান খান, অন্যান্য সদস্য, শিক্ষক, সম্মানিত অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় বিদ্যাপীঠটি সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। সবুজ বৃক্ষরাজীর সুশীতল ছায়ায় গ্রামীণ পরিবেশে অবস্থিত ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়টি আমার প্রিয় বিদ্যাপীঠ, এ বিদ্যাপীঠটি নিয়ে আমরা সবাই গর্বিত।