দ্রুত বিচার আইনে দুই মামলা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত দ্রুত বিচার আইনের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। মঙ্গলবার পল্টন ও শাহজাহানপুর থানার দ্রুত বিচার আইনের পৃথক ৩ টি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলা তিনটির আসামি মির্জা ফখরুল, মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুল্লাহ আল নোমান আদালতে হাজির ছিলেন।
অন্যদিকে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস এবং বরকত উল্লাহ বুলু অসুস্থতার কারণে হাজির হতে না পারায় তাদের পক্ষে সময় চাওয়া হয়। এছাড়া, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, হাবিব উন নবী খান সোহেল এবং হাবিবুর রশিদ হাবিব অন্য মামলায় কারাগারে থাকায় তাদের পক্ষেও সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া আসামিদের সময়ের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে অভিযোগ গঠনের জন্য ফের ৮ জুন দিন ধার্য করেন।
গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা এবং মারধর করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দ্রুত বিচার আইনে গত বছর ২৭ মার্চ মামলা ৩টির অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
