রাশিয়ার সীমান্তে ন্যাটো বাহিনীর তত্পরতা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২১:৪২
রাশিয়া সীমান্তে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর নজিরবিহীন তত্পরতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে মস্কো। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেলের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এ উদ্বেগ প্রকাশ করেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সাথে ফোনে কথা বলেন। এসময় শোইগু বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর এ কার্যক্রমে রাশিয়া গভীরভাবে উদ্বিগ্ন। চার ঘন্টার ফোনালাপের পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পূর্ব ইউরোপে তাদের এ প্রয়াস উস্কানিমূলক। তাছাড়া কথোপকথনের সময় রাশিয়া ইউক্রেনে কোন হামলা চালাবে না এবং সৈন্যদের তাদের পূর্ব অবস্থানে ফিরিয়ে নেয়ার ঘোষণা দেন শোইগু। তবে প্রায় ৪০ হাজার সেনাই সরিয়ে নেয়া হবে কি না সে সম্পর্কে কিছু বলেননি রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রী। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ন্যাটো মিত্রদের আশ্বস্ত করতেই তারা পূর্ব ইউরোপে সৈন্য মোতায়েন করেছে। এদিকে ইউক্রেনে তত্পরতা অব্যাহত রাখায় রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অবরোধের আওতায় ৭ জন রাশিয়ান ও ১৭টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে জানানো হয়েছে। ওয়াশিংটন বলছে, এরা প্রত্যেকেই ভ্লাদিমির পুতিনের লোক এবং সরকারের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন যে ১৫ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মঙ্গলবার তাদের নাম ঘোষণা করা হয়েছে। ওদিকে চাক হেগেল রাশিয়াকে সতর্ক করে বলেন, ইউক্রেনে রাশিয়ার অব্যাহত আগ্রাসন দেশটির ওপর আরো বেশি কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধ বয়ে আনবে। এছাড়া আটককৃত সাত সামরিক পর্যবেক্ষকে মুক্ত করতে দেশটিকে সহায়তার করারও আহ্বান জানান হেগেল।