আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পকটিয়া প্রদেশে তালেবান জঙ্গি হামলায় পাঁচ সেনাসদস্য এবং ৪৯ জন তালেবান বিদ্রোহী নিহত হয়। সোমবার সকালে তালেবান হামলা শুরু হয় এবং শেষ হয় মঙ্গলবার সকালে। রাজধানী কাবুল থেকে ১০০ কি.মি দক্ষিণে অপর এক তালেবান হামলায় আরো ছয়জন সেনাসদস্য আহত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মোহাম্মদ জহির আজিমি এক টুইটার বার্তায় বলেন, পকটিয়া প্রদেশে একটি অপারেশন পরিচালনার পর পাঁচশতের অধিক তালেবান বিদ্রোহী সেনাবাহিনীর উপর হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, হামলায় জড়িত থাকার অভিযোগে এক সেনাসদস্যকে বন্দি করা হয়েছে। কতিপয় বিদেশি জঙ্গিও হামলায় জড়িত ছিল বলে তিনি অভিযোগ করেন।
ন্যাটো পরিচালিত কোয়ালিশন বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেন যে, সোমবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে তালেবান হামলায় দুই বিদেশি সৈন্যও নিহত হয়। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে তালেবান বিদ্রোহী গ্রুপটি বসন্ত ও গ্রীষ্মকালের হামলা হিসেবে এই হামলা তীব্রতর করে।
