আগামী সপ্তাহে মাঠে ফিরতে পারেন ইব্রা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২২:০২
ইনজুরি কাটিয়ে আগামী সপ্তাহে স্টেড রেনেসের বিপক্ষে ফরাসি ক্লাব প্যারি সেন জার্মেইর হয়ে মাঠে ফিরতে পারেন সুইডিশ তারকা জলাটান ইব্রাহিমোভিচ। ক্লাব চিকিত্সক এরিক রোল্যান্ড সোমবার এই তথ্য জানান। রোল্যান্ড ফ্রান্সের ক্রীড়া দৈনিক ল্য’ইকুইপকে বলেছেন, ‘সে হালকা দৌড় শুরু করেছে এবং আগামী ১০ দিনের মধ্যে তার মাঠে ফেরার ৯০ শতাংশ সম্ভবনা আছে।’ ইব্রাহিমোভিচ চলতি মৌসুমে পিএসজির হয়ে ৩০টি লিগ ম্যাচে ২৫টি গোল করেন। কিন্তু থাইয়ের ইনজুরির কারণে গত প্রায় চার সপ্তাহ ধরে মাঠের বাইরে রয়েছেন তিনি। পার্ক ডি প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে ইব্রা এই ইনজুরিতে পড়েছিলেন। তাকে ছাড়াই পিএসজি ফরাসি লিগ কাপের ফাইনালে জয়ী হয়। কিন্তু লিগে টানা দুটি ম্যাচে হারা ছাড়াও রোববার নীচু সারির দল সোচাক্সের সাথে ১-১ গোলে ড্র করায় এখন তাদের লিগ শিরোপা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। আগামী ৭ মে নিজেদের মাঠে পিএসজি যদি রেনেসের বিপক্ষে জেতে এবং দ্বিতীয় স্থানে থাকা মোনাকো অ্যাভান্ট গুইনগাম্পের কাছে পরাজিত হয় তবেই শুধুমাত্র দ্বিতীয়বারের মত শিরোপা ধরে রাখতে পারবে।