অনুশীলনে টেরি-ইতো-হ্যাজার্ডরা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২২:০৫
চেলসির চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে এর চাইতে ভাল কোন খবর হয়তো আর হতে পারতো না। জন টেরি, পিটার চেক, ইডেন হ্যাজার্ড, স্যামুয়েল ইতোরা চোট কাটিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগের মাত্র একদিন আগেই যোগ দিয়েছেন অনুশীলনে। তবে আজ স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজদের অন্যতম প্রধান এই খেলোয়াড়রা খেলবেন কিনা, সেটা নিশ্চিত নয় এখনো। অ্যাটলেটিকোর বিরুদ্ধে শেষ চারের প্রথম লেগে মাত্র ১৯ মিনিটে কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়েন চেক। পরে এক্সরে রিপোর্ট জানায়, কাঁধের হার সরে গেছে চেক প্রজাতন্ত্রের এই গোলরক্ষকের। চেকের বদলি হিসাবে ঐ ম্যাচের বাকিটা সময় তো বটেই, লিভারপুলের বিরুদ্ধে সর্বশেষ লিগ ম্যাচেও আস্থার সাথে গোলপোস্ট সামাল দেন মার্ক শোয়ার্জার। তাই চেক যদি ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট না হন সেক্ষেত্রে এই অস্ট্রেলিয়ানের উপর দায়িত্ব থাকবে দিয়েগো কস্তা-রাউল গার্সিয়াদের থামানোর। ঐ ম্যাচেই অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়া টেরিও ফিরেছেন গতকালের অনুশীলনে। কোবহাম ট্রেনিং সেন্টারে সতীর্থদের সঙ্গে অনুশীলনে বেশ হাসিখুশিই দেখা গেছে চেলসি অধিনায়ককে। চোটের কারণে লিভারপুলের বিরুদ্ধে ম্যাচে না থাকা এই ডিফেন্ডারকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন কোচ হোসে মরিনহো। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে দলের সবচেয়ে সফল স্ট্রাইকার ইতোর অবস্থাও উন্নতির দিকে এগিয়েছে বলে জানিয়েছে চেলসি। হাঁটুর চোট কাটিয়ে এই ক্যামেরুনিয়ান অনুশীলনে ফিরেছেন বলে ক্লাবের ওয়েবসাইটে জানা গেছে। একই তথ্য জানানো হয়েছে কাফ ইনজুরিতে ভুগতে থাকা বেলজিয়ান উইঙ্গার হ্যাজার্ডের বিষয়েও। —এএফপি