মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক যুগ পর এক কুষ্ঠ রোগীর সন্ধান পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার লৌহজং সদর হাসপাতালে চিকিত্সা নিতে এসে উপজেলার মর্শদগাঁও গ্রামের আব্দুল হালিম (৫২) জানতে পারেন তার কুষ্ঠ হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশুতোষ ভক্ত জানান, রোগটি নিয়ে এখন তেমন ভয় নেই। সরকারি ভাবে বিনা খরচে এর চিকিত্সাও হচ্ছে। এই রোগের লক্ষণ হলো চামড়ায় ফ্যাকাশে বা লালচে দাগ, হাতে—পায়ে ঘা বা গুটি ঘা, যা অনুভূতিহীন। এই রোগের প্রতিকার হচ্ছে প্রাথমিক অবস্থায় নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিত্সা নেয়া। তিনি আরো জানান, একযুগ পূর্বে একজন রোগীর চিকিত্সা হয়েছিল এই হাসপাতালে। এই রকম রোগী আরো আছে কিনা তা মাঠ পর্যায়ে খোঁজ করা হচ্ছে।
