ভারতে বর্তমানে লোকসভা নির্বাচন চলছে। নির্বাচন উপলক্ষ্যে লক্ষৌতে একটি বির্তক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে দর্শকরা নেতাদের সরাসরি প্রশ্ন করেন এবং দূরদর্শন চ্যানেলে সেটা সমপ্রচার করারও কথা ছিল। কিন্তু বির্তক অনুষ্ঠান এক ভয়ঙ্কর অনুষ্ঠানে পরিণত হয় যখন এক দর্শক নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়! লক্ষৌ শহর থেকে ১৬০ কিলোমিটার দূরে সুলতানপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্গেশ কুমার সিং নামের ওই ব্যক্তিটি কেবল নিজের গায়ে আগুন লাগিয়েই ক্ষান্ত থাকেনি। বরং সে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির নেতা কামরুজ্জামান ফৌজিকে জড়িয়ে ধরে এবং ওই নেতার গায়েও আগুণ ধরে যায়। দুর্গেশের শতকরা ৯৫ ভাগ এবং ফৌজির শতকরা ৭৫ ভাগ শরীর আগুনে পুড়ে গেছে। ফলে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তার জানিয়েছে। স্থানীয় ফটোগ্রাফার পঙ্কজ কুমার গুপ্ত জানান, অনুষ্ঠানে প্রায় ১৫০ জন দর্শক ছিল। বিতর্ক চলছিল। হঠাত্ করে দুর্গেশ সিং মঞ্চের সামনে এসে গায়ে পেট্টোল ঢেলে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। এরপর সে দ্রুত নেতা ফৌজির কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের ছাড়াতে গিয়ে আরো দুজন নেতাও সামান্য আহত হন। গুপ্ত জানান, কী উদ্দেশ্যে দুর্গেশ এ ধরনের ভয়ঙ্কর কাজটি করেছে তা জানা যায়নি। - এএফপি
