সর্বত্র বাংলা ব্যবহারে চিঠি চালাচালি ছাড়া কিছু হয়নি :হাইকোর্ট

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২৩:১২
ইলেকট্রনিক মিডিয়াসহ গণমাধ্যমে বিজ্ঞাপন, সাইনবোর্ড ও গাড়ির নম্বর প্লেটে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণে আগামী ১৫ মে পর্যন্ত সরকারকে সময় দিয়েছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে ইতিপূর্বে হাইকোর্টের দেয়া আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশে দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সব সরকারি দপ্তরের নামফলক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয়। তবে দূতাবাস, বিদেশি সংস্থা ও তত্সংশ্লিষ্ট ক্ষেত্রকে এই আদেশের আওতার বাইরে রাখা হয়। এক মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করে আদালতকে অবহিত করতে মন্ত্রিপরিষদ সচিব, তথ্যসচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দিয়েছিল আদালত। পাশাপাশি রুল জারি করা হয়। এক মাসের মধ্যে আদেশ বাস্তবায়ন না করায় রিটকারী আইনজীবী এডভোকেট ইউনুস আলী আকন্দ গত ৬ এপ্রিল ছয় সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও দায়ের করেন। গতকাল মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসে। শুনানিতে আদেশ বাস্তবায়নে বিবাদীরা কি পদক্ষেপ নিয়েছেন তা প্রতিবেদন আকারে আদালতে উপস্থাপন করেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিত রায়। মন্ত্রিপরিষদ সচিব ও তথ্যসচিবের পক্ষ থেকে দেয়া প্রতিবেদনে, দেশের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে হাইকোর্টের এই আদেশ সম্পর্কে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু মন্ত্রণালয়ের এই প্রতিবেদন দেখে হাইকোর্ট উষ্মা প্রকাশ করে বলেন, সর্বত্র বাংলা ভাষার প্রচলনের আদেশ বাস্তবায়নের প্রতিবেদন দেখে মনে হচ্ছে, তারা (মন্ত্রণালয়) চিঠি চালাচালি ছাড়া আর কোনো ব্যবস্থা নেয়নি।