ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমনমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে ‘ফ্যাসিস্ট’ উল্লেখ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, মোদী বড়জোড় কোনো একটি মাঝারি রাজ্যের মুখ্যমন্ত্রী হবার যোগ্য। সেটাই তিনি বর্তমানে আছেন। ভারতের প্রধানমন্ত্রী হওয়া তো অনেক বড় ব্যাপার। তাছাড়া মোদীর রাজনীতি ফ্যাসিবাদনির্ভর। ভারতের এনডিটিভি চ্যানেলের সাথে বিশেষ সাক্ষাত্কারে চিদাম্বরম এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশবাসী যেরকম মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে চান মোদী তা মোটেও নন। মানুষ চায় একজন দয়াবান, সত্, জ্ঞানী, সবার কাছে গ্রহণযোগ্য লোক দেশের প্রধানমন্ত্রী হোক। ভারতের সমস্যা সমাধানে একজন হিটলার কিংবা মুসোলিনির দরকার নেই। ৫৬ ইঞ্চি বুকের ছাতিও দরকার নেই। মোদী কেবল ফাঁকা প্রতিজ্ঞা করতে পছন্দ করেন। তিনি এসব প্রতিশ্রুতি কিভাবে পূরণ করবেন তা ভেবেও দেখেন না।
১৬ মে ভোট গণনার পর সবাই বিস্মিত হবে বলে চিদাম্বরম উল্লেখ করে বলেন, সব জোটেরই সরকার গড়ার সমান সম্ভাবনা আছে। কেউ এগিয়ে কিংবা পিছিয়ে নেই। কংগ্রেস সরকারের সবচে বড় ব্যর্থতা হচ্ছে জনগণের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে না পারা।
চিদাম্বরম তার সাক্ষাত্কারে বলেন, গুজরাট মডেল নিয়ে বিজেপি হাস্যকরভাবে মাতামাতি করছে। গুজরাটের মানুষ কত সুখের স্বর্গে বাস করছে তা জানার আগ্রহ প্রকাশ করেন তিনি। এটা নিয়ে মাতামাতি স্রেফ ‘ননসেন্স’। রাহুলের প্রসঙ্গে চিদাম্বরম বলেন, তাকে আগেই প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করা উচিত ছিল। মনমোহনের সাবেক উপদেষ্টার লেখা বই নিয়ে এত মাতামাতি করারও কিছু নেই বলে তিনি উল্লেখ করেন। প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনের শেষভাগে এসে প্রচারণায় জোয়ার সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। তাকে কেন রাজনীতিতে আনা হচ্ছে না, এমন প্রসঙ্গে চিদাম্বরম বলেন প্রিয়াঙ্কা রাজনীতির চেয়ে দেশের জন্য বড় ভূমিকা পালন করতে চান। একটি এলাকার এমপি হলে সেই সুযোগ থাকবে না।
