জরুরি চিকিত্সা সরঞ্জাম পাঠানো হচ্ছে যশোরের হাসপাতালে

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২৩:১৭
যশোর ২৫০ শয্যা হাসপাতালে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় বেশ কিছু চিকিত্সা সরঞ্জাম পাঠানো হচ্ছে। এই হাসপাতালের চিকিত্সা সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এসব চিকিত্সা সরঞ্জাম পাঠানোর নির্দেশ দিয়েছেন। হাসপাতালটিতে পাঠানোর জন্য চিকিত্সা সরঞ্জামের একটি তালিকা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিমধ্যে কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে, ছয়টি ইসিজি মেশিন, একটি হল্টার মনিটর, তিনটি পালস অক্সিমিটার, একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি বায়োকেমিস্ট্রি এনালাইজার, একটি প্যাথলজিক্যাল মাইক্রোস্কোপ, চারটি আইসিইউ বেড, একটি বেবি রেসাসিনেটর, দুইটি ইপিডুরাল সেট, একটি লেবার টেবিল, ১৫টি হসপিটাল বেড, দুইটি রোগী বহন ট্রলি ইত্যাদি। স্বাস্থ্যমন্ত্রী গত শনিবার খুলনা সফর শেষে ঢাকা ফেরার পথে যশোরে রাত্রিযাপন করেন। এ সময় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্থানীয় সার্কিট হাউজে বৈঠক করেন। নেতৃবৃন্দ যশোরের ২৫০ শয্যা হাসপাতালের চিকিত্সা সংকটের বিষয় মন্ত্রীকে অবহিত করেন। পরদিন সকালে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক হাসপাতালে সরেজমিনে পরিদর্শনে গেলে সংশ্লিষ্ট চিকিত্সকরা চিকিত্সা সরঞ্জামের সংকটের কথা তার কাছে তুলে ধরেন।