স্বপ্নটাকে হাতের মুঠোয়

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ১৮:৪৬
মডেলিংটাকে এনজয় করেন স্বপ্নীল। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার তিনটি বিজ্ঞাপনচিত্র। শিগগিরই প্রচার শুরু হবে তার আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্র। তাকে নিয়ে লিখেছেন খালেদ আহমেদ ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত মিডিয়ার পা রাখার পর সবাই নিজের পরিচিতি বাড়াতে চান। তাই এর নানা শাখায় বিচরণও করেন। তবে কেউ কেউ নিজের পরিচিতিটা একটা জায়গাতে থাকাকেই পছন্দ করেন। যেমনটি দেখা যায় স্বপ্নীলের মাঝে। তিনি চান একজন মডেল হিসেবে যেন মানুষ তাকে চেনে। তাই নাটক বা চলচ্চিত্রের অফার থাকলেও সরাসরি না বলে দেন। মিডিয়ার প্রতি তার আগ্রহ সেই ছোটবেলা থেকেই। তখনই এই আগ্রহের বহিঃপ্রকাশ ঘটাতে না পারলেও নিজেকে তৈরি করেছেন একটু একটু করে। আর সুযোগের অপেক্ষায় থেকেছেন মনের লালিত স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষায়। সে স্বপ্ন বাস্তবায়নের সুযোগও চলে আসে একসময়। ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের ম্যাগাজিনে প্রচ্ছদের মডেল হয়ে নিজেকে মিডিয়ার সামনে প্রথম তুলে ধরেন। এরপর বিভিন্ন ফ্যাশন হাউজ ও পত্রিকা-ম্যাগাজিনে মডেল হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে নিজেকে আরও যোগ্য করে তোলার পর বেশকিছু মানসম্পন্ন বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ফ্রেশ টি, হিটাসি রেফ্রিজারেটর, স্পা ড্রিঙ্কিং ওয়াটার, গ্লুকোজওভার, আফতাফ চানাচুর, তানশী প্রপার্টিজ, আরএফএল বোল, ফার্মফ্রেশ মিল্ক, গ্রামীণ ফোন নেটওয়ার্ক প্রভৃতি। কিশোরগঞ্জের এই তরুণীর শৈশব ও কৈশোর কেটেছে পুরান ঢাকায়। পড়াশোনার পাশাপাশি নিজেকে সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে জড়ানোর ইচ্ছা লালন করতেন ছোট থেকেই। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে স্বপ্নীলের তিনটি বিজ্ঞাপনচিত্র। এগুলো হলো—‘বিকাশ’, ‘স্পা পানি’ ও ‘দিয়া সয়াবিন তেল’। এরমধ্যে রবিনের নির্দেশনায় ‘বিকাশ’-এর বিজ্ঞাপনচিত্রে সাবলীল উপস্থিতির কারণে আলোচনায় এসেছেন তিনি। এই বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা সম্পর্কে স্বপ্নীল বলেন, ‘এই বিজ্ঞাপনচিত্রের প্রতিটি সিক্যুয়েন্স অনেক যত্ন নিয়েই করেছেন নির্মাতা রবিন ভাই। কাজটি করতে পেরে আমার ভালো লেগেছে। কেননা এ বিজ্ঞাপনচিত্রটি আমার জন্য পজিটিভ লুক এনেছে। আর শুটিংয়ের সময় ইউনিটের সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন চ্যানেলে প্রচার হওয়ার পর থেকেই বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রচুর প্রশংসা পাচ্ছি।’ সম্প্রতি শেষ করলেন নাফিজের নির্দেশনায় প্রাণ কন্টিনারের নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। এটি শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। এছাড়া ফ্রুট জুসির একটি নতুন বিজ্ঞাপনচিত্রও সামনে প্রচার হবে। মডেলিংয়ের পাশাপাশি স্বপ্নীল নিজের প্রতিভাকে জানান দিতে মাঝে উপস্থাপনায় নাম লেখান। বিভিন্ন চ্যানেলে বেশ কিছু মানসম্পন্ন অনুষ্ঠানে সাবলীল উপস্থাপনার মাধ্যমে নিজের মুন্সিয়ানার পরিচয় দেন। তবে মডেলিংকেই মনে প্রাণে লালন করেন বলে এখন আর উপস্থাপনা করছেন না। সব মডেলরাই কমবেশি নাটকে অভিনয় করেন। কিন্তু আপনাকে নাটকে দেখা যায় না কেন? নাকি আপনি অভিনয় পছন্দ করেন না? সাবলীল জবাবে তিনি বলেন, ‘আমি অভিনয়কে ভালোবাসি এবং নাটকে অভিনয়ের অনেক অফার আসে। তবে অভিনয়ের চেয়ে মডেলিংটাই বেশি পছন্দ করি। আমি চাই মানুষ আমাকে মডেল হিসেবেই চিনুক।’ ভবিষ্যতে নিজেকে একজন সত্ ও পরিশ্রমী মানুষ হিসেবে দেখতে চান স্বপ্নীল। তার মতে, সফলতা তখনই আসে যখন নিজের মেধা ও শ্রমকে পুরোপুরি প্রয়োগ করা যায়। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে, নিজের বিবেককে কখনও বিসর্জন দেওয়া যাবে না। মেকআপ হেয়ারোবিক্স ব্রাইডাল