নাদিয়ার ‘পরণ কথা’
অতীত যা শুধুমাত্র অতীত না, জীবনেরই অংশ। অনেকেই বলেন অতীতকে ভুলে যাওয়াই ভালো, আবার কেউ কেউ বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত্ গড়তে হয়। এও শোনা যায় অতীত হলো সোনালি সময়, অতীতকে ভুলে গেলে ভবিষ্যত্ গড়া যায় না—এমনই ভাবনা নিয়ে আমিরুল ইসলাম অরুণের রচনা ও পরিচালনায় নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘পরণ কথা’। এই নাটকে অভিনয় করেছেন হালের ব্যস্ততম অভিনেত্রী নাদিয়া। নাদিয়া ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকি, মাজনুন মিজান, শাহনারেই দেবী শানু, আখম হাসান, অহনা প্রমুখ। এতে নিজের চরিত্র সম্পর্কে নাদিয়া বলেন, ‘এখানে আমার চরিত্রটি বেশ মজার। আশা করছি দর্শকরা আমাকে ভিন্ন রূপে দেখতে পাবেন এই নাটকের মাধ্যমে।’ উল্লেখ্য ১০৪ পর্বের এই ধারাবাহিক নাটকটি মাছারাঙা টেলিভিশনে প্রচার হবে।
এবার চিত্রাঙ্গদা চরিত্রে
সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিম এবার রবীন্দ্রনাথের ‘চিত্রাঙ্গদা’ চরিত্রে অভিনয় করেছেন। মিম তার অভিনয় জীবনে বহু নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্প অবলম্বনে নাটক নির্মিত হলে সে নাটকে তার চরিত্র নিয়ে তিনি ভীষণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়েন। রুমান রুনীর পরিচালনায় ‘আমি চিত্রাঙ্গদা’ নাটকে অভিনয় করতে গিয়ে এমনই চ্যালেঞ্জের মুখোমুখি হলেন মিম। রবি ঠাকুরের ছোট গল্প ‘চিত্রাঙ্গদা’ থেকে এর আধুনিক নাট্যরূপ দিয়েছেন সময়ের সমাদৃত নাট্যকার মাতিয়া বানু শুকু। পরিচালক বললেন, ‘মূলত রবি ঠাকুরের ছোট গল্প থেকে ছায়া হিসেবে আধুনিক যুগের চিত্রাঙ্গদাকে তুলে ধরার যথাযথ চেষ্টা করা হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে মিম বলেন, ‘বলা যায় এই মুহূর্তে আমি নাটকে একদমই কাজ করছি না। কিন্তু এ নাটকের আধুনিক উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে। তাই কাজটি করেছি। চেষ্টা করেছি চিত্রাঙ্গদা চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। আশাকরি দর্শকের ভালো লাগবে।’ ‘আমি চিত্রাঙ্গদা’ নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। নাটকে মিম ছাড়া আরও অভিনয় করেছেন শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠু, সজল, ফারজানা লাবনী প্রমুখ। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে মিম অভিনীত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ ছবিটি। ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা পায়নি। তবে মিম আশাবাদী মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ ছবিটি নিয়ে। এই ছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়িকা মৌসুমী ও আরিফিন শুভ। ২০০৭ সালে লাক্সতারকা হওয়ার পর হুমায়ূন আহমেদের নির্দেশনায় প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ‘আমার আছে জল’ ছবিতে। তবে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে। মিম অভিনীত এই ছবির ‘কী জাদু করেছ বলো না’ গানটি এখনও শ্রোতাপ্রিয়। মিমের দর্শক সমাদৃত উল্লেখযোগ্য বিজ্ঞাপনগুলো হচ্ছে গ্রামীণ ফোন, আপন ডায়মন্ড জুয়েলার্স, তিব্বত ক্রিম, তিব্বত লিপজেল, কেয়া বিউটি সোপ, প্রাণ আপ ইত্যাদি।
অভিনয়ে ব্যস্ত
সম্ভাবনাময় শিল্পী হিসেবে বিজ্ঞাপনচিত্র, টিভি নাটক, ডকুমেন্টরি ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন রহিম সুমন। সম্প্রতি চ্যানেল আইয়ের জন্য নির্মিত আফরোজা পারভীন রূপার রচনা ও তাহের শিপনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ভেঙে যাওয়া স্বপ্নগুলো’র কাজ শেষ করেছেন। বর্তমানে তার অভিনীত মোস্তফা মননের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘নারী’ প্রচার হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরিরত অবস্থায় মিডিয়াতে রহিম সুমনের যাত্রা শুরু। তিনি থিয়েটারের লাইট, সেট ডিজাইন, স্টেজ ম্যানেজমেন্ট ও অভিনয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং নিয়মিত বিভিন্ন থিয়েটার দলের লাইট এবং সেট ডিজাইনও করছেন। যুক্ত আছেন নাটকের দল ঢাকা থিয়েটারের সঙ্গে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’। মুক্তির অপেক্ষায় আছে আক্তারুজ্জামান ইলিয়াসের উপন্যাস, জাহিদুর রহীম অঞ্জন পরিচালিত ‘মেঘ মাল্লার’ এবং তাহসান শামস্ রচিত ও পরিচালিত ‘দেহ স্টেশন’।
