বানরের সাথে বাঁদরামির সরাসরি কোনো সম্পর্ক আছে কি না তা বলা মুশকিল। তবে সম্প্রতি সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানের মাঝে বানরের সাথে মজা করতে যেয়ে এমনই এক বাঁদরামির শিকার হয়েছেন আমেরিকার হুস্টন শহরের খোউ টিভির এক উপস্থাপিকা। ডেবোরাহ ডানকান নামের এই উপস্থাপিকাকে তার ‘গ্রেট ডে হুস্টন’ নামের চ্যাট শো’টিতে ‘ডা. ডলিটোল’ নামের একটি চলচ্চিত্রে কাজ করা একটি বানরের সাক্ষাত্কার নিতে যেয়ে শেষ পর্যন্ত বানরের হাতে চর খাওয়ার অভিজ্ঞতাও সংগ্রহ করতে হয়েছে। ক্যাপুচিন জাতের এই বানরটির নাম উইলসন। নানা বিষয় নিয়ে বানরটির কিউরেটরের সাথে কথা বলার পাশাপাশি উপস্থাপিকা ডেবোরাহ ছোটখাটো ভাব বিনিময় করছিলেন বানরটির সাথেও। তবে এরই মাঝে কিউরেটরের বাড়িয়ে দেওয়া একটি আঙ্গুর বানরটির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পরই চোখের পলকে ঘটে যায় অভাবনীয় ঘটনাটি। প্রথম পর্যায়ে বানরটি হালকা চেষ্টায় আঙ্গুরটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ডেবোরাহ’র কাছ থেকে। দু’বারের চেষ্টায় সফলও হয় উইলসন নামের এই বানরটি। তবে এরপরই তার কাছ থেকে আঙ্গুর ছিনিয়ে নেওয়ার অপরাধে এবং তাকে বিরক্ত করায় চট করে ডেবোরাহ’র কপালে আঘাত করে বানরটি। এ সময় উইলসনের কিউরেটর অনেকটা ঠাট্টাচ্ছলেই বলেন যে ‘তুমি সম্ভবত একটি বানরের কাছ থেকে সঠিক শিক্ষাটিই পেয়েছ।’ সরাসরি অনুষ্ঠানে ডেবোরাহ’ও বিষয়টি সামলে নেওয়ার জন্য বানরটিকে উদ্দেশ্য করে বলেন যে ‘আমি দুঃখিত এবং আমি তোমাকে বিরক্ত করতে চাইনি।’ এদিকে কিছুটা মজার আর আকস্মিক এই ঘটনাটি ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে ভিডিও শেয়ারিং এর সাইট ইউটিউবে। আর এতে পক্ষান্তরে উপস্থাপিকা ডেবোরাহ ডানকান আর তার ‘গ্রেট ডে হুস্টন’ চ্যাট শো’টির প্রচারণাও যে বেশ ভালোই হচ্ছে তা তো বলাই বাহুল্য।
