বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো আদিবাসী সংস্কৃতি মেলা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ১৮:৫২
এ কে এম মকছুদ আহমেদ রাঙামাটি প্রতিনিধি পার্বত্য চট্টগ্রামে বৈসাবি উত্সব উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে তিন দিনব্যাপী আদিবাসী সংস্কৃতি মেলা শেষ হয়েছে। স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গত ১০ এপ্রিল থেকে এ মেলার আয়োজন করে আদিবাসী সাংস্কৃতিক সংগঠন জুম ইসথেটিক্স কাউন্সিল (জাক)। মেলায় বিভিন্ন স্টলে আদিবাসী হস্ত ও কারু শিল্প, আদিবাসী লেখকদের বই, আলোকচিত্র ও রকমারী পিঠা প্রদর্শিত হয়। এদিকে সমাপনী অনুষ্ঠানে বিকালে আদিবাসী কবিতা পাঠের আসর এবং চাকমা, বম, ত্রিপুরা ও মনিপুরী সাংস্কৃতিক দলের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া সন্ধ্যায় শান্তিময় চাকমার রচনায়, সুখময় চাকমার নির্দেশনায় ও জাকের নাট্য দলের পরিবেশায় দুলো পেদার দোলি নাজানা চাকমা নাটক মঞ্চস্থ হয়। এছাড়া প্রতিদিন মেলায় বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর নিজস্ব পরিবেশনা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন করা হয়। উল্লেখ্য, তিন পার্বত্য জেলায় বসবাসরত আদিবাসী এগার ভাষাভাষী ১৪টি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক ঐক্যের সেতু বন্ধনের লক্ষ্যে এবং ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উত্সব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু কেন্দ্র করে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়ে থাকে। গত ১২ এপ্রিল থেকে তিন দিনব্যাপী এ প্রধান সামাজিক উত্সব শুরু হয়েছে।