শেয়ারবাজারে গতকাল সূচক কমলেও লেনদেন বেড়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) কিছুটা কমে ৪ হাজার ৬৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩৬ কোটি ৩৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি ৭৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের।
২০১০ সালে পুঁজিবাজারে ভয়াবহ ধসের তদন্ত প্রতিবেদন প্রকাশের তিন বছর পূর্ণ হলো। ২০১১ সালের ৩০ এপ্রিল প্রতিবেদন প্রকাশের সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন। বিগত তিন বছরেও কিছু সুপারিশ পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন হয়নি। কয়েকটি সুপারিশের আলোকে কিছু আইন প্রণীত হয়েছে। তবে অতিরিক্ত তদন্ত নিষ্পত্তি হয়নি। কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বে গঠিত পুঁজিবাজার তদন্ত কমিটি ২০১১ সালের ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
এদিকে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সাথে সাক্ষাত্ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ। সিএসই চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদের নেতৃত্বে তারা গতকাল সকালে কমিশনে যান। এ সময় বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান, মো. আব্দুল সালাম সিকদার এবং সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন উপস্থিত ছিলেন। এদিকে চলতি মাসে শরীয়াহ ইনডেক্স এবং জুনের শেষে বেঞ্চমার্ক ইনডেক্স চালু করার সম্ভাব্য ধারণা দিয়েছে সিএসই। এছাড়া ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের উন্নয়ন ও স্বল্প মূলধনী কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য উত্সাহিত করতে অল্টারনেটিভ মার্কেট (স্মল ক্যাপ মার্কেট) চালুর প্রস্তাব দেয়া হয়েছে।
