আগামীকাল ভান্ডারিয়ায় মমতাজসহ একঝাঁক শিল্পীর কনসার্ট

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২০:৫৭
ভান্ডারিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও নাগরিক সমাজের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। এছাড়াও থাকবে একঝাঁক শিল্পীর পরিবেশনা। অন্যান্য শিল্পীর ভেতরে থাকবেন কাজী শুভ, কণ্ঠশিল্পী শশী। এছাড়াও আয়োজনে থাকছে জনপ্রিয় ড্যান্সগ্রুপ ঈগলসের বিশেষ পরিবেশনা। বিশেষ পারফর্মেন্সে অংশ নেবেন মীরাক্কেল খ্যাত দুই তারকা জামিল হোসেন ও শশী। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে মহিউদ্দিন মহারাজ বলেন, ‘ভান্ডারিয়ার প্রাণপুরুষ আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়া সাংস্কৃতিক বিপ্লবের ক্ষেত্রে এ প্রজন্মের তরুণদের ভেতরে অনেকেই এখন ভান্ডারিয়ার প্রতিনিধিত্ব করছে দেশের জাতীয় শিল্পাঙ্গনে। আমাদের শ্রদ্ধার আরাধ্যের মানুষকে শুভেচ্ছা জানাতেই পুরো এলাকাবাসীর পক্ষ থেকে এই আনন্দ আয়োজন।’ কনসার্ট প্রসঙ্গে ফোক সম্রাজ্ঞী মমতাজ বলেন, ‘মন্ত্রী মহোদয়ের ভক্ত আমি নিজেও। এক ক্ষুদ্র সাংসদ হিসেবে তার এলাকায় শিল্পী হিসেবে যাওয়ার সুযোগ পেয়ে নিজেরও ভালো লাগছে। দক্ষিণবঙ্গে আমার গানের অনুরাগী অনেকেই। তাদের নিয়েই মধ্যরাত পর্যন্ত গাইবার ইচ্ছে আছে আমার।’