জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ খুলনায় নতুন আরেকটি হাউজিং এলাকা নির্মাণ করতে যাচ্ছে। জেলার ফুলতলা উপজেলায় সাড়ে ১৬ একর জমিতে এটি নির্মিত হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার টাকা। হাউজিংটিতে প্লট হবে মোট ১৮০টি। অন্যদিকে নগরীর শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পূর্বপাশে প্রায় ১১ একর জমিতে ২৫ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ইতিমধ্যে একটি হাউজিং এলাকা নির্মাণ করা হয়েছে। হাউজিংটিতে মোট ১৩১টি প্ল¬ট রয়েছে। যার বরাদ্দের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ খুলনা বিভাগ সূত্রে জানা গেছে, ফুলতলা প্রকল্পের ১৮০টি প্লটের মধ্যে ৫ কাঠার ৪০টি এবং ৩ কাঠার প্ল¬ট হবে ১৪৪টি। প্রকল্পটি গত বছরের ২৭ নভেম্বর মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে। অনুমোদনের পর জমি অধিগ্রহণের জন্য খুলনা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চলতি বছরের ১ জানুয়ারি প্রশাসনিক অনুমোদনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
এদিকে খুলনা মহানগরীর খালিশপুর এবং বয়রা এলাকায় আগে থেকে আরো দু’টি হাউজিং এলাকা রয়েছে। এছাড়া নগরীর মুজগুন্নী এলাকায় ‘বঙ্গবন্ধু নগর’ নামে নতুন আরেকটি প্রকল্প তৈরির জন্য ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ খুলনা বিভাগীয় অফিস সূত্র জানিয়েছে।
খুলনা গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সাইদ রেজা জানান, এসব হাউজিং এলাকা পরিকল্পনা মাফিক নির্মাণ করা হচ্ছে। প্রতিটি প্লট খোলা মেলা ও রাস্তার ব্যবস্থা রয়েছে। এগুলো স্বল্প ও মধ্যম আয়ের মানুষদের দুই বছরের কিস্তিতে বরাদ্দ দেয়া হচ্ছে।
