ইউক্রেনকে শান্তিতে থাকতে দিতে রাশিয়ার প্রতি কেরির আহবান

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩১
ইউক্রেনকে শান্তিতে থাকতে দিতে রাশিয়ার প্রতি আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এরই মধ্যে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের আঞ্চলিক প্রশাসনিক ভবনসহ কয়েকটি সরকারি অফিস দখল করে নিয়েছে। ইউক্রেনকে শান্তিতে থাকতে দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহবান জানিয়ে কেরি বুধবার বলেন, ইউক্রেন সংকট ন্যাটোর জন্য একটি সতর্কবার্তা। রাশিয়া গায়ের জোরে প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু ন্যাটো তার সদস্য দেশসমূহের অখণ্ডতা রক্ষায় কাজ করে যাবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেরি এ মন্তব্য করেন। এদিকে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের বিভিন্ন সরকারি অফিসে হামলা চালিয়ে আঞ্চলিক প্রশাসনিক ভবন এবং সরকারি কৌসুলির অফিসসহ কয়েকটির ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। পরে রুশপন্থীরা লুহানস্কের পুলিশ সদরদপ্তরেও হামলা চালায়। ফরাসী সংবাদ মাধ্যমের একজন সংবাদদাতা জানিয়েছেন, রুশপন্থীরা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালাবার পর ভবনটি থেকে পুলিশ সদস্যরা নিরস্ত্র অবস্থায় বেরিয়ে আসে। এরকম পরিস্থিতিতে ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুর্চিনভ দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন, কর্তব্যে অবহেলার অভিযোগ কোনভাবেই ক্ষমা করা হবে না। তুর্চিনভ বলেছেন, পূর্বাঞ্চলে বিশালসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দেশের নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, ‘কর্তব্যে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবে তাদেরও বরখাস্ত করা হবে।’ এদিকে, স্লোভিয়ানস্কের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে আটক ইউরোপীয় সামরিক পর্যবেক্ষকদের মুক্তির ব্যপারে ফলপ্রসূ আলোচনা চলছে।