দামেস্কে মর্টার হামলায় নিহত ৩৭

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩২
সিরিয়ার রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। মঙ্গলবার দামেস্কের একটি টেকনিক্যাল ইন্সটিটিউটে মর্টার হামলায় নিহত হন ১৪ জন। এছাড়া অপর একটি গাড়ি বোমা বিস্ফোরণে বহু মানুষ নিহত হন। এসব বিস্ফোরণে অন্তত ৮০ জন আহত হয়েছে বলে সরকারিভাবে দাবি করা হচ্ছে। -বিডিনিউজ সকালে শহরের শিয়া প্রধান এলাকা শাগুরে ৪টি মর্টার শেল আঘাত হানে বলে সানা বার্তা সংস্থাকে জানায় পুলিশ। এর মধ্যে দুটো শেল আঘাত হানে বদর আল দীন আল হুসেইন টেকনিক্যাল ইন্সটিটিউটে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পদত্যাগের দাবি উপেক্ষা করে নতুন নির্বাচনের আয়োজন করার পর এ ধরনের হামলার ঘটনা ঘটল। গতকালই নির্বাচনে লড়ার জন্য নিবন্ধিত হয়েছে আসাদ। হামলার জন্য সরকার-বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দায়ী করছে সরকার। দ্যা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ মর্টার হামলার কথা জানিয়েছে।