লিবিয়ায় পার্লামেন্ট ভবনে হামলা, পিছিয়ে গেল প্রধানমন্ত্রী নির্বাচন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩২
লিবিয়ায় পার্লামেন্ট ভবনে মঙ্গলবার হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ সময় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট না দিতে পার্লামেন্ট সদস্যদের বাধ্য করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। সরকারি সূত্রে এ খবর জানানো হয়েছে। জানা গেছে, পার্লামেন্ট ভবনে গুলির শব্দ শোনার পর আইনপ্রণেতারা ভবন ছেড়ে বেরিয়ে যান। এদিকে এ ঘটনার জন্য কারা দায়ী সেটি এখনো জানা যায়নি। এ মাসের শুরুর দিকে পরিবারসহ দেশটির প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনার পর ক্ষমতা থেকে সরে দাঁড়ান প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল- থিননি। তার এ পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে দ্বিতীয় পর্বে ভোট গ্রহণ শুরু করা হয়। এ ঘটনায় ভোট গ্রহণ স্থগিত করে আগামী ৪ মে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে প্রথম পর্বে সাতজনের ভেতর দুইজন প্রধানমন্ত্রী প্রার্থী নির্বাচন করা হয়েছিল। ২০১১ সালে দেশটির দীর্ঘ সময়ের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে হটানোর পর থেকে লিবিয়ায় সহিংসতা বেড়েই চলেছে।