নাইজেরিয়ার উত্তরাঞ্চলে অপহূত স্কুল ছাত্রীদের আশপাশের দেশগুলোতে নেয়া হয়ে থাকতে পারে বলে মনে করেন দেশটির স্থানীয় এক নেতা। গত মঙ্গলবার স্থানীয় এক সংবাদ সংস্থার সাথে সাক্ষাত্কার দেয়ার সময় তিনি একথা বলেন।
চিবুকের স্থানীয় এই নেতা পোগো বিট্রাস (৪৩) মনে করেন, সন্দেহভাজন জঙ্গিরা স্কুল ছাত্রীদের নিয়ে ক্যামেরুন ও চাঁদে চলে গেছেন। তাছাড়া জঙ্গিদেরকে বিয়ে করতে কিছু কিছু ছাত্রীকে জোর করা হয় বলেও জানান তিনি। তিনি আরো বলেন, স্কুলে জঙ্গি হামলার ঘটনায় অপহূত শিক্ষার্থীদের ৪৩ জনকে মুক্ত করা গেলেও এখনো ২৩০ জন তাদের হাতে বন্দি রয়েছে। এই সংখ্যা আগের চেয়ে বেশি হলেও এটাই সঠিক বলে জানান এই নেতা। গত দুই সপ্তাহ আগে বোর্নো প্রদেশের চিবুক শহরের একটি ছাত্রী হোস্টেলে জঙ্গিরা রাতে হামলা চালায় এবং অনেক শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় দেশটির ইসলামী জঙ্গিগ্রুপ বোকো হারামকে দায়ী করা। তবে এখনো পর্যন্ত এ অভিযোগের বিষয়ে তারা কোন মন্তব্য করেনি।
