গঙ্গাচড়ায় ব্রিজের রেলিং ভেঙ্গে দুর্ঘটনার আশঙ্কা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩২
রংপুরের গঙ্গাচড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অধীন রংপুর- মহিপুর জনগুরুত্বপূর্ণ সড়কের ব্রিজের লোহার রড ও সুরকি রাতের আঁধারে চুরি করে নিয়ে যাচ্ছে। এ অবস্থায় ব্রিজটিতে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় তিস্তা নদীতে দ্বিতীয় সড়ক সেতু নির্মাণ করা হচ্ছে। লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে সড়কপথে মালামাল দেশের বিভিন্ন স্থানে পরিবহনের জন্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নতির লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এ সড়ক সেতুটি নির্মাণ করছে । প্রতিদিন এ সড়কপথে লালমনিরহাট থেকে হাজার হাজার লোক সাইকেল, মোটর সাইকেল, অটো ভ্যান যোগে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে। তাছাড়া ট্রাকযোগে মালামাল আনা -নেয়া হচ্ছে। বালারঘাট এলাকার শফিকুল ইসলাম বলেন, রাতের আঁধারে কে বা কারা রেলিং ভেঙ্গে নিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী স্বাগতম কুন্ডু বলেন, মহিপুরে নির্মাণাধীন দ্বিতীয় সড়ক সেতুর সংযোগ সড়ক মহিপুর থেকে রংপুর পর্যন্ত হবে ।