টাঙ্গাইলের গোপালপুরে পুলিশী অভিযানের সময় এক মাংস ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় গোপালপুর থানার এক এসআইসহ ৮ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের টাঙ্গাইল পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, গোপালপুর থানার এসআই তাহের হোসেন এবং এএসআই আশরাফুল ইসলাম গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাওয়াইল টেকনিক্যাল কলেজ মাঠে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করে। এদের মধ্যে মাংস ব্যবসায়ী আব্দুল হাকিম পুলিশের হাত থেকে পালিয়ে যায়। পরে হৃদরোগে তিনি মারা যান।
কিন্তু পরিবারের দাবি, আব্দুল হাকিমকে পুলিশ মারপিট করায় তিনি মারা গেছেন। এদিকে পুলিশের পিটুনিতে হাকিম মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সড়ক অবরোধ করেন। হাসপাতাল চত্বরে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাক্কাধাক্কি হয়।
আরো পড়ুন : ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষকরা হতাশাগ্রস্ত : ফখরুল
পরে রাত ১০টায় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় হাসপাতাল পরিদর্শন করেন এবং রাত ১২টার দিকে এসআই তাহের, এএসআই আশরাফুল আলম ও ৬ কনস্টেবলকে ক্লোজ করে নেয়ার ঘোষণা দেয়া হয়। ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার কথাও জানান পুলিশ সুপার।
ইত্তেফাক/ইউবি
