নিটল টাটা প্রিমিয়ার ফুটবল লিগে আজ কোনো খেলা নেই। আগামীকাল শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মুক্তিযোদ্ধার ম্যাচ। পয়েন্ট টেবিলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১২ খেলায় ২৮ পয়েন্ট শীর্ষে থাকলেও তাদের ভয় আছে। কারণ মাত্র তিন পয়েন্ট পিছিয়ে আবাহনী। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মোহামেডান। ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মুক্তিযোদ্ধা সংসদ। অবস্থান ধরে রাখতে শেখ জামালকে জিততে হবে। আর অন্যদিকে মুক্তিযোদ্ধা যদি শেখ জামালকে হারিয়ে পয়েন্ট তুলে নিতে পারে তাহলে আপাতত মোহামেডানকে পেছনে ফেলে দিতে পারবে। দ্বিতীয় রাউন্ডে মোহামেডান আবাহনী ম্যাচ রবিবার। প্রথম পর্বে আবাহনী ১-০ গোলে হারিয়েছিল মোহামেডানকে। ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটি শনিবার। শেখ রাসেল শ্রীলংকা যাচ্ছে। তাই আপাতত তাদের খেলাগুলো স্থগিত থাকছে।
