বাংলাদেশের দরিদ্রতম অঞ্চলের ১ লক্ষ ৩০ হাজার শিশুর স্কুলে পড়াশোনার সুবিধার জন্য যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে ২৬ মিলিয়ন ডলার (প্রায় ২০০ কোটি টাকা) অর্থ সাহায্য প্রদান করবে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা গতকাল বুধবার এই অনুদানের ঘোষণা দেন। এই অনুদানটি ম্যাকগভার্ন-ডোল আন্তর্জাতিক শিশু পুষ্টি ও শিক্ষার জন্য খাদ্য কর্মসূচির একটি অংশ।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেন, মানসম্মত শিক্ষা দেশ ও জাতিকে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারে। বিদ্যালয়ের অবকাঠামো খারাপ হলেও শিক্ষকদের আন্তরিকতা থাকলে মানসম্মত শিক্ষা দান সম্ভব। গতকাল গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) স্কুলফিডিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মজীনা আরও বলেন, স্কুলফিডিং কার্যক্রম মার্কিন সরকারের সহযোগিতা বাংলাদেশে আরও তিন বছর বৃদ্ধি করা হবে। এতে নতুন নতুন এলাকা অন্তর্ভুক্ত করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন আগামী ২০১৫ সাল থেকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রকল্পের আওতায় আসবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, একটি দেশের অগ্রগতির জন্য শিক্ষা অতি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই শিক্ষাকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে কাজ করে যাবে।
