যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ দুই

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২৩:৪০
যশোরে পুলিশের সাথে পৃথক বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম (৩৫) ও মজনু (৩৭) নামে ২ দুর্বৃত্ত গুলিবিদ্ধ হয়েছেন। সদর উপজেলার রামনগর এলাকায় ও মনিরামপুরে গতকাল বুধবার ভোররাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তারা গুলিবিদ্ধ হন। এ সময় ২টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ রফিকুল ইসলাম মনিরামপুরের আমিনপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে এবং মজনু সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের হাশমতের ছেলে। তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) জানান, রফিকুল ইসলামের নামে মনিরামপুর ও কেশবপুর থানায় বেশ কয়েকটি ডাকাতি ও ছিনতাইয়ের মামলা আছে। তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হন রফিকুল। অপরদিকে রামনগর টাউন ব্রিকসের কাছে ২টি হত্যাসহ ৪-৫টি মামলার আসামি মজনুর নেতৃত্বে সন্ত্রাসীরা নাশকতার জন্য জড়ো হয়। খবর পেয়ে অভিযান চালালে মজনু ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ২টি হাতবোমা ছোঁড়ে। এতে আসাদ নামের এক কনস্টেবল আহত হন। পুলিশ এ সময় পাল্টা গুলি চালালে মজনু ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।