অপহূত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সহযোগীদের লাশ নদীতে ভেসে ওঠার খবরে ক্ষোভের আগুনে জ্বলে উঠেছে নারায়ণগঞ্জের মানুষ। গতকাল বুধবার বেলা ৩টার দিকে এ মর্মান্তিক খবর পাওয়ার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড, নারায়ণগঞ্জ-শিমরাইল সড়ক অবরোধ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় জনতা মহাসড়কের অর্ধশত স্পটে আগুন জালিয়ে বিক্ষোভ করে, ভাংচুর করে শতাধিক যানবাহন। এছাড়া চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকার শ্যামস ফিলিং ষ্টেশন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। অবরোধে অচল হয়ে পড়ে মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ তিনটি সড়কে অবরোধ চলছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিক্ষুব্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শতাধিক গাড়ি ভাংচুর করে। মহাসড়কের অর্ধশত স্পটে টায়ার, গাছের গুড়ি, খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এছাড়াও ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড, নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কে আগুন জ্বালিয়ে, পাইপ দিয়ে সাইনবোর্ড, সানারপাড়, মৌচাক এলাকার রাস্তায় ও ধনুহাজী রোডে ব্যারিকেড দেয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৩৩টি জেলার শতাধিক রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা রাত ৮টার দিকে মৌচাক এলাকার শ্যামস ফিলিং ষ্টেশনে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। উল্লেখ্য, ঐ ফিলিং ষ্টেশনের মালিক অপহরণ মামলার আসামি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া। এদিকে বিকাল ৫টার দিকে বিক্ষুব্ধ জনতা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় রাস্তা অবরোধ করে রাখে। এসময় ক্ষুব্ধ জনতা ২০/২৫টি বাস ভাংচুর করে। সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কে কয়েকটি যানবাহন ভাংচুর করে জনতা। বন্ধ হয়ে যায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকার সকল দোকানপাট। অপহরণকৃতদের উদ্ধারের দাবিতে গতকাল সকাল সাড়ে ৯টা থেকেই এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। প্রচণ্ড কাঠফাটা রোদের মধ্যে দুপুর পর্যন্ত রাস্তায় বসে থাকতে দেখা গেছে অবরোধকারীদের। সকাল সাড়ে ১০ টা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ রাস্তা থেকে অবরোধকারীদের সরিয়ে দেয়ার কয়েকদফা চেষ্টা করে ব্যর্থ হয়। তখন অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজট। এসময় অবরোধকারীরা অপহরণ মামলার আসামি ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিনসহ সকলকে গ্রেফতারের দাবি জানান।
