মহান মে দিবস আজ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২৩:৪৩
আজ পহেলা মে, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের ইতিহাস সৃষ্টির দিন। বিশ্বের মেহনতি মানুষের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন। ১২৮ বছর আগে ১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘হে’ মার্কেটে শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে ধর্মঘট আহ্বান করে শ্রমিকরা। এতে প্রায় ৩ লাখ মেহনতি মানুষ অংশ নেয়। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের রুখতে মিছিলে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। দাবি আদায়ের জন্য সেদিন শ্রমিকদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল শিকাগোর রাজপথ। আন্দোলনে অংশ নেয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয় ৬ শ্রমিককে। কারাগারে বন্দীদশায় এক শ্রমিক নেতা আত্মহননও করেন। শ্রমিকদের এই আত্মত্যাগ ও রক্তস্নাত ঘটনার মধ্য দিয়ে দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা প্রতিষ্ঠার সংগ্রামের ঐতিহাসিক বিজয় হয়। শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়েই সেদিন মালিকরা স্বীকার করে নিয়েছিল শ্রমিকরাও মানুষ। তারা যন্ত্র নয়, তাদেরও বিশ্রাম ও বিনোদনের প্রয়োজন রয়েছে। ওই আন্দোলনের ৩ বছর পর ১৮৮৯ সালে প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিবসটিকে ‘মে দিবস’ হিসাবে পালনের সিদ্ধান্ত হয়। সেই থেকে বিশ্বব্যাপী দিনটি ‘মহান মে দিবস’ হিসাবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সরকারি ছুটির দিন। সংবাদপত্র অফিসও বন্ধ থাকবে। মে দিবসের তাত্পর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সম্পাদকীয় প্রকাশ করেছে। বেতারসহ বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বাণী দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, মহান মে দিবসে শ্রমিক-মালিক সুসম্পর্ক প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য মজুরি, সুন্দর ও নিরাপদ কর্মপরিবেশ ও তাদের অধিকার প্রতিষ্ঠাসহ সামগ্রিক উত্পাদনশীলতা বৃদ্ধি পাক, এই প্রত্যাশা করি। বিশ্বের সকল মেহনতি মানুষকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, আমরা দেশের শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে লাগসই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার এবং উন্নত ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে ‘রূপকল্প ২০২১’ বিনির্মাণে বদ্ধপরিকর। বিরোধী দলীয় নেতা তাঁর বাণীতে বিশ্বের সকল মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি মালিক ও শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিরাপদ কর্মপরিবেশ তৈরি করে শিল্পন্নোয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিবর্তন ঘটাবে-এটাই হোক এবারের মে দিবসের প্রত্যাশা। শ্রমিকদের প্রতি জেপি’র শুভেচ্ছা মহান মে দিবস উপলক্ষে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম দেশের শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে নেতৃদ্বয় মেহনতি মানুষের কাজের পরিবেশ উন্নত করা, ন্যায্য মজুরি প্রদান ও নিরাপত্তা বিধানের জোর দাবি জানান। একইসঙ্গে নারী-পুরুষ মজুরি বৈষম্য কমানোরও দাবি জানিয়েছেন তাঁরা। কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক-সাংস্কৃতিক দল ও সংগঠন মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, পতাকা উত্তোলন, শোভাযাত্রা, লাল পতাকা মিছিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণসঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, নাটক, কবিতা পাঠ, আলোকচিত্র, চিত্র প্রদর্শনী ইত্যাদি। এছাড়া আজ অপরাহ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে শ্রমিক লীগ আয়োজিত মে দিবসের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।