ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যানে হামলা চালিয়ে তিন জঙ্গি (জেএমবি) ছিনতাইয়ে পরিকল্পনাকারীদের অন্যতম ভালুকা উপজেলার যুবলীগের যুগ্ম-সম্পাদক আতাউর রহমান কামালের নির্দেশেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্বদানকারী আর এক যুবলীগ নেতা স্কুল শিক্ষক কামাল হোসেন ওরফে সবুজ।
ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সবুজ ও তার চাচাতো ভাই আবু বকর সিদ্দিক স্বপনসহ ৮ জনকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানী ও ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গতকাল বুধবার র্যাব সদর দফতরে প্রেস ব্রিফিয়ের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সবুজ এ তথ্য জানান।
ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারকৃত সুহেল রানা, মোর্শেদ আলম, আনোয়ার হোসেন ফারুক, বাছির উদ্দিন, ইউসুফ আলী ওরফে সোহাগ, ইলিয়াস উদ্দিন, কামাল হোসেন ওরফে সবুজ ও আবু বকর সিদ্দিক স্বপন এই আট জনকে হাজির করা হয়।
র্যাব জানায়, কামাল হোসেন ওরফে সবুজ ভালুকার গণজাগরণ টিউটোরিয়াল কোচিং সেন্টারের প্রধান শিক্ষক। আর একই স্কুলের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক স্বপন। পরিবারের দাবি সোমবার ভোর রাতে ডিবি পুলিশ ভালুকার বাড়ির দরজা ভেঙ্গে তাদের গ্রেফতার করে। এরপর থেকে তাদের অবস্থান জানতে পারেনি স্বজনরা। এ ঘটনায় মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়। গতকালই র্যাব তাদেরসহ আটজনকে সাংবাদিকদের সামনে হাজির করে।
গ্রেফতারকৃতদের মধ্য থেকে কামাল হোসেন সবুজ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার জাগরণ টিউটরিয়াল হোম কোচিং সেন্টার রয়েছে। তিনি বলেন, ভালুকা উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আতাউর রহমান একদিন তাকে জানান, ‘একজন অতিথি আসবেন। তাকে ফুলবাড়ীয়া পর্যন্ত পৌছে দিতে হবে। এজন্য আরো ৭/৮জন কর্মী দরকার, তুমিই এই কর্মী নিয়ে আসবে।’
অন্য গ্রেফতারকৃত ইউসুফ আলী সোহাগ বলেন, তার জীবনে এটাই প্রথম অপারেশন। তবে জঙ্গিদের সাথে তার কোন সম্পৃক্ততা নেই। যুবলীগ নেতা আতাউর রহমান কামাল তাকে বলে যুবলীগের সিনিয়র এক নেতার নির্দেশে একটি অপারেশনে যেতে হবে। কোন সমস্যা হবে না, নগদ ২০ হাজার টাকা দেয়া হবে। অপারেশনের পর তাকে ২০ হাজার টাকা দেয়া হয়। সোহাগ বর্তমানে ময়মনসিংহে ফার্মেসিতে ডিপ্লে¬ামা কোর্সে অধ্যয়নরত।
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় যুবলীগ নেতা কামাল জড়িত-সবুজের দেয়া এ তথ্যের ব্যাপারে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক এটিএম হাবিবুর রহমান বলেন, নিজের দোষ এড়াতে এমন কথা বলেছে। কামালকে জিজ্ঞাসাবাদ করবেন কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের পর বলা যাবে। গ্রেফতারকৃত আসামিদের ব্যাপারে তিনি বলেন, মামলা তদন্ত করছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছেই আসামিদের হস্তান্তর করা হবে।
ব্রিফিয়ে উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান, গোয়েন্দা শাখার পরিচালক লে.কর্নেল আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এডিশনাল এসপি সাদিরা আক্তার।
গত ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহের আদালতে নেয়ার পথে ঢাকা ময়মনসিংহ সড়কের ত্রিশালে সাইনবোর্ড এলাকায় জঙ্গিরা কমান্ডো স্টাইলে আক্রমণ চালিয়ে তিন শীর্ষ জঙ্গিকে (রকিবুল হাসান ওরফে রাকিব, সালেহীন ওরফে সানি ও বোমারু মিজান) ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশের এক সদস্য নিহত ও দুইজন আহত হন। ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন রাকিব। সালেহীন ও বোমারু মিজানের অবস্থান আজও জানা যায়নি।
এদিকে, ভালুকা সংবাদদাতা জানান, গ্রেফতারকৃত কামাল হোসেন সবুজের পিতা হাজী শামসুদ্দিন মুন্সি জানান, জঙ্গি ছিনতাইয়ের ঘটনার সাথে তার ছেলে ও ভাতিজা আবু বকর সিদ্দিক স্বপন জড়িত নয়। তারা সহজ সরল ও স্বাভাবিক জীবন যাপন করে আসছে এবং উভয়েই শিক্ষকতা পেশায় নিয়োজিত।
অপরদিকে, আতাউর রহমান কামাল ভালুকা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মজিবর রহমানের ছেলে। বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক ও ভালুকা উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক
আটককৃত কামাল হোসেন সবুজের পিতা হাজী শামসুদ্দিন মুন্সি পাঁচগাও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আটককৃত আবুবকর সিদ্দিক স্বপন কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। তবে তার পিতা জয়নাল আবেদীন বিএনপির সমর্থক।
