২৬ মে পবিত্র শবে মেরাজ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২৩:৪৭
আগামী ২৬ মে সোমবার রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। গতকাল বুধবার সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা গেছে। আজ বৃহস্পতিবার থেকে আরবি ১৪৩৫ হিজরির রজব মাস গণনা শুরু হচ্ছে। ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বকাশে ভ্রমণ করে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহ তায়ালার সাক্ষাত্ লাভ করেছিলেন। ইংরেজি তারিখ অনুযায়ী ২৬ রজব হবে আগামী ২৬ মে। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ২৬ মে শবে মেরাজ পালনের সিদ্ধান্ত নেয়া হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ৬২০ খ্রিস্টাব্দের রজব মাসের ২৬ তারিখ দিবাগত পবিত্র এই রাতে মহানবী (সাঃ) মহান আল্লাহর খাস রহমতে প্রথমে কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে নবীদের জামায়াতে ইমামতি করে তিনি ‘বোরাক’ নামের বাহনে ঊর্ধ্বলোকে গমন করেন এবং সিদরাতুল মুনতাহায় উপস্থিত হন। ওই পর্যন্ত তার সফরসঙ্গী ছিলেন আল্লাহর ফেরেশতা হজরত জিবরাইল (আ.)। সেখান থেকে তিনি ৭০ হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে আল্লাহ তায়ালার দিদার লাভ করেন। সেখান থেকে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। মেরাজকালে মহানবী (সাঃ) সৃষ্টিজগতের রহস্য স্বচক্ষে অবলোকন করেন। শবে মেরাজ মুসলমানদের কাছে তাই বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্যে দিয়ে এই মূল্যবান রাত অতিবাহিত করেন। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।