ইসরাইলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দিতে আইন হচ্ছে

আপডেট : ০২ মে ২০১৪, ২০:৪৩
ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আইন প্রণয়ন করতে যাচ্ছে দেশটি। এর মধ্যদিয়ে অনেকদিন ধরে চলা তাদের এই বিতর্কিত দাবির প্রতি আরো শক্ত অবস্থান নিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বৃহস্পতিবার দেশটির রাজধানী তেল আবিবের ইনডিপেন্ডেন্স হলে দেয়া এক বক্তৃতায় নেতানিয়াহু একথা জানান। অনেকদিন ধরেই দেশটি তাদের এ অধিকার আদায়ের বিষয়ে সোচ্চার ছিল। এ নিয়ে বেশ কয়েক বছর ধরেই আইনপ্রণেতারা বিভিন্ন বিল এনেছেন। কিন্তু এবারই প্রথম সরকারিভাবে নিজেদের ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা জানালো দেশটি। ইনডিপেন্ডেন্স হলে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, এটা আমাদের জাতীয় জীবনের একটি মৌলিক উপাদান। আইনটি নেসেটে উত্থাপন করা হবে এবং এটি তখন দেশের মানুষের জন্য একটি সাংবিধানিক আশ্রয়স্থল হয়ে উঠবে। ১৯৪৮ সালে এই হল থেকেই ইসরাইল রাষ্ট্রের ঘোষণা করা হয়েছিল। ইসরাইলের কোন সংবিধান নেই। কতগুলো মৌলিক আইনের মাধ্যমে দেশটি পরিচালিত হয়ে থাকে। যাকে সনদ বলা হয়। এদিকে প্রধানমন্ত্রীর প্রস্তাবে সমর্থন দিয়েছে দেশটির ডানপন্থি নেতারা। দেশটির গৃহায়নমন্ত্রী নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে বলেন, নেসেট এটা পাস করবে।