বিশ্বের বৃহত্ অর্থনীতির
দেশ হচ্ছে চীন
এশিয়ার উদীয়মান শক্তি চীন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে ঐ স্থানটির দখল নিতে যাচ্ছে বলে সমপ্রতি বিশ্বব্যাংকের সংশ্লিষ্টতায় চালানো এক জরিপে দেখা গেছে। বুধবার ব্রিটেনের দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল কম্পারিজন প্রোগ্রাম (আইপিসি) পরিচালিত জরিপের তথ্যের ভিত্তিতে এমন আভাস দেয়া হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফও ২০১১ থেকে ২০১৪ সালের প্রবৃদ্ধির বিচারে চীনকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রেখেছে। —রয়টার্স
ইউরোপে ভারতের
আম নিষিদ্ধ
ভারতের বাজার থেকে আমসহ আরো চার ধরনের সবজি আমদানি সাময়িকভাবে বন্ধ করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। গতবছর ইইউর সদস্য রাষ্ট্রগুলোর ‘প্লান্ট হেলথ’ (উদ্ভিদ স্বাস্থ্য) বিষয়ক স্ট্যান্ডিং কমিটি ভারত থেকে আসা সবজি ও আমের অন্তত ২০৭টি চালানে ফলের পোকা বা কীট পাওয়ার পর সমপ্রতি এ সিদ্ধান্ত নেয়। আম ছাড়াও আমদানি বন্ধ করা অন্যান্য সবজি হল: বেগুন, কচুর ওল, করলা ও চিচিঙ্গা। ১ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। —বিবিসি
ভানুয়াতু দ্বীপে ভূমিকম্প
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার এই ভূমিকম্প হয় বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উত্পত্তিস্থল ইসানেও শহরের ১৫০ মাইল দক্ষিণ, দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূপৃষ্ঠের ৭৩ মাইল গভীরে। তবে ভূমিকম্পনের উত্পত্তিস্থল অনেক গভীরে হওয়ায় কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। —রয়টার্স
