গ্যাসের অভাবে থমকে আছে কোটি কোটি টাকার বিনিয়োগ

আপডেট : ০২ মে ২০১৪, ২০:৪৪
গ্যাস সংযোগের অভাবে কোটি কোটি টাকার বিনিয়োগ থমকে আছে। জমির অভাবে নতুন শিল্প স্থাপন বাধাগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি বিদ্যুত্ সংকট, ব্যাংক ঋণের ক্ষেত্রে উচ্চ হারের সুদের মতো নানা প্রতিবন্ধকতা রয়েছে। এই পরিস্থিতি বিনিয়োগ সহায়ক নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির বৈঠকে এসব সংকটের কথা তুলে ধরে এর অবসান চেয়েছেন ব্যবসায়ীরা। বুধবার রাজধানীতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং সম্প্রসারণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিয়ে গত ৯ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় পরামর্শক কমিটি গঠন করে। ঐ কমিটি প্রথম সভায় বসে বুধবার। বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৈঠকে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যবসায়ী নেতারা গ্যাস সংযোগের অভাবে উত্পাদনে যেতে না পারা কারখানায় এক মাসের মধ্যে সংযোগ দেয়ার দাবি জানান। তারা বলেন, ব্যাংকে অলস টাকা পড়ে থাকলেও গ্যাস-বিদ্যুতের অভাবে দেশে বিনিয়োগ নেই। শিল্পকে বঞ্চিত করে সার উত্পাদনে গ্যাসের ব্যবহার হচ্ছে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আগে সার না শিল্প। সম্প্রতি দেশজুড়ে অপহরণে তাদের উদ্বেগের কথা জানান। বৈঠকে তোফায়েল আহমেদ বলেন, গার্মেন্টস খাতে আর কোন দুর্ঘটনা যাতে না ঘটে এ বিষয়ে সরকার সতর্ক। চীনের সহায়তায় আগামী তিন বছরের মধ্যে মুন্সিগঞ্জের বাউশিয়ায় পোশাক পল্লী নির্মাণের কাজ সম্পন্ন হবে। এ সময় অন্যদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী, তপন চৌধুরী, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, এ কে আজাদ, সভাপতি আনিসুল হক, বিজিএমই-এর সভাপতি আতিকুল ইসলাম, ইএবি সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ বক্তব্য রাখেন। রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে: বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী রমজানে চিনি, তেলসহ সব নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে থাকবে। নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে। অনেক পণ্য আমদানির অপেক্ষায় আছে। মন্ত্রী বলেন, ব্যবসায়ী পর্যায়ে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও আপত্কালীন সরবরাহের জন্য টিসিবিও (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) আমদানির ব্যবস্থা করেছে। বৈঠকে চিনি, তেলসহ নিত্যপণ্যের ব্যবসায়ীরা বলেন, নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে। ফলে রমজানে দর বাড়ার কোন কারণ নেই। এ বিষয়ে মনিটরিং জোরদার করার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।