বগুড়ায় আরিফুল ইসলাম আরিফ (১৯) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার মোটরসাইকেলটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আরিফ বগুড়া সদর উপজেলার সাবগ্রাম উত্তরপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং বগুড়া কলেজের স্নাতক শ্রেণির ২য় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের স্বজনরা জানায়, বুধবার রাতে একটি মোবাইল ফোনে কল পেয়ে আরিফ তার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। ঐ রাতে তিনি আর বাড়ি ফিরেননি। বৃহস্পতিবার ভোরে বাড়ির অদূরে একটি কলা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। তারা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। আরিফের মা খোদেজা বেগম জানান, লেখাপড়ার পাশাপাশি বাড়িতে একটি গরুর খামার (ডেইরি ফার্ম) পরিচালনা করতো আরিফ। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার রাতে জেলার গাবতলী থানা পুলিশ সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি করছিলো। সে সময় দুর্বৃত্তরা পুলিশ দেখে আরিফের মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
স্কুলছাত্র হত্যার ঘটনায় গ্রেফতার ৩
বগুড়ার শিবগঞ্জের স্কুলছাত্র ইনসান শেখকে হত্যার পর তার সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ওই হত্যাকাণ্ডে জড়িত ৬ জনের মধ্যে তিনজনকে শুক্রবার ভোরে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ড ছাড়াও মহাসড়কে চলাচলরত অটোরিকশা চালকদের জিম্মি করে ছিনতাই কাজে যুক্ত থাকার কথা স্বীকার করে।
বগুড়ার সহকারি পুলিশ সুপার (এ-সার্কেল) নাজির আহম্মেদ খান জানান, মামলাটি তদন্তকালে জানা যায় একটি ছিনতাইকারি চক্র মহাসড়কে যাত্রীবেশে চালকদের জিম্মি করে হত্যা, ছুরিকাঘাত ও হাত-পা বেঁধে রিকশা ও টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। তারাই স্কুলছাত্র ইনসানকে হত্যা করে।
