অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান বলেছেন দেশে এবং দেশের বাইরে অনেক বেশি টেস্ট সিরিজ জয় না করা পর্যন্ত অস্ট্রেলিয়া বিশ্বের ‘সত্যিকারের’ এক নম্বর দল হতে পারে না।
গত বছরের অ্যাশেজ সিরিজের আগ মুহূর্তে মিকি আর্থারকে বরখাস্ত করে লেহম্যানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় অস্ট্রেলিয়া। তিনি যোগ দেয়ামাত্র দশ মাসের মাথায় প্রায় পাঁচ বছর পর প্রথমবারের মত টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করে অসিরা। ভগ্নাংশ পয়েন্টের ব্যবধানে দীর্ঘদিন শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকাকে স্থানচ্যুত করে শীর্ষ স্থান লাভ করতে সক্ষম হয় লেহম্যানের শিষ্যরা। নিউজ ডট কম এইউ প্রকাশিত রিপোর্টে লেহম্যান বলেন, ‘অস্ট্রেলিয়া তাদের যোগ্যতার ৭০ শতাংশ প্রমাণ দিতে পেরেছে এবং ‘সত্যিকারের’ এক নম্বরে পৌঁছতে হলে তাদের পাকিস্তানের বিপক্ষে, ইংল্যান্ডের বিপক্ষে তাদের এবং নিজেদের মাটিতে অ্যাশেজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করতে হবে। আর এ জন্য দলের বর্তমান আগ্রাসী মনোভাব প্রদর্শন করে একক প্রাধান্য বিস্তার করতে হবে।’ -বাসস
