শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল, প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের শপথের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে রাজধানীর বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে শোষণ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে মে দিবসের সূচনা করা শিকাগোর ‘হে’ মার্কেটের শ্রমিকদের মতোই সংগ্রামের শপথ নেন শ্রমিকরা। সকল কর্মসূচিতেই শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থলের দাবি ছিল প্রচণ্ড।
বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বঙ্গবন্ধু এডিনিউ, জাতীয় প্রেসক্লাব, পল্টন, বিজয়নগর, নয়াপল্টন, মতিঝিল, গুলিস্তান, হাইকোর্ট মোড়, মত্স্য ভবন, ডেমরা, মিরপুর, মোহাম্মদপুর, রায়েরবাজার, গাবতলীসহ অসংখ্য এলাকায় বিভিন্ন সংগঠনের হাজার হাজার শ্রমিক মাথায় লাল কাপড় ও হাতে লাল কাপড় নিয়ে রাজপথে নেমে আসে। কারো হাতে ছিল হাতুড়ি-শাবল-গাঁইতি-বেলচাসহ খেটে খাওয়া মানুষদের বিভিন্ন কর্ম উপকরণ। তাদের অনেকের হাতে থাকা প্ল্যাকার্ড-ফেস্টুনে বিভিন্ন সেক্টরের শ্রমিকরা তাদের নিজেদের দাবি তুলে ধরেন। একই সাথে শ্রমিকদের মজুরি সর্বনিম্ন ৮ হাজার টাকা করারও দাবি জানানো হয়।
দিবসটি উপলক্ষে বিকালে গাজীপুরের ভাওয়াল বদলে আলম সরকারি কলেজ মাঠে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শ্রমিক লীগ ঢাকা মহানগরী শাখার উদ্যোগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সংগঠনটির সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইনসুর আলীর নেতৃত্বে শোভাযাত্রাটি জিপিও, পুরানা পল্টন, দৈনিক বাংলা হয়ে মতিঝিলের বলাকা চত্বর প্রদক্ষিণ শেষে আবার বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে শেষ হয়। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশ থেকে শোভাযাত্রা বের করে টিঅ্যান্ডটি শ্রমিক লীগ। এছাড়াও বঙ্গবন্ধু এভিনিউ ঘিরে এসময় শোভাযাত্রা বের করে বিদ্যুত্ বিভাগ শ্রমিক লীগ, ঘাট শ্রমিক লীগ, ওয়াসা শ্রমিক লীগ, ব্যাংক কর্মচারী শ্রমিক লীগ, বিআরটিসি শ্রমিক লীগ, পরিবহন শ্রমিক লীগ। শ্রমিক কর্মচারী পরিষদ (স্কপ) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার এমপি। সমাবেশ শেষে লাল পতাকা সুসজ্জিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গুলিস্থানে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মুজিব সেনা লীগ দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ হকার্স মার্কেটের ৬ষ্ঠ তলায়, ইরামত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) মতিঝিল বিমান ভবনের সামনে, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের সামনে, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) জাতীয় প্রেসক্লাবের সামনে, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন জাতীয় প্রেসক্লাবের সামনে, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র মুক্তি ভবনের সামনে সমাবেশ করে।
চট্টগ্রাম
চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শিল্প সম্পর্ক শিক্ষায়তন-এর উদ্যোগে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে ত্রিপক্ষীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মালিক শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে শিল্পের উন্নতি সম্ভব।
মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মে দিবস উপলক্ষে নগরীর কালুরঘাট শিল্প এলাকায় আয়োজিত শ্রমিক সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন রানা প্লাজার মালিক রানার যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে ফাঁসি দেয়ার দাবি জানিয়েছেন।
মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম অটো রিকশা ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন নগরীতে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।
রাজশাহী
রাজশাহী অফিস জানায়, বিভিন্ন কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় গত বৃহস্পতিবার রাজশাহীতে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক, সাংবাদিক সংগঠন শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
দিনের কর্মসূচিতে ছিল সকাল ১০টায় খেলাঘর আসর, অনুশীলন পাঠাগার, উদীচী, সমগীত, মাদল, মুক্তপাঠ ও ম্যাজিক লণ্ঠনসহ বিভিন্ন সংগঠনের শোভাযাত্রা। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া রাজশাহী শ্রমিকলীগ, ইমারত শ্রমিক ইউনিয়ন, বস্ত্র কর্মচারী ইউনিয়ন, জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়ন এবং ওয়ার্কার্স পার্টি, সিপিবি, শ্রমিকদল নগরীতে পৃথক শোভাযাত্রা বের করে।
খুলনা
খুলনা অফিস জানায়, নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিভাগীয় ও শিল্প নগরী খুলনায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ওই দিন নগরীর বয়রাস্থ বিভাগীয় শ্রম দপ্তর প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর এবং জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগের যুগ্ম শ্রম পরিচালক এম কে আলম।
এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)সহ বিভিন্ন সংগঠন মে দিবস উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
বরিশাল
বরিশাল অফিস জানায়, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার বরিশালে বিভিন্ন সংগঠন মহান মে দিবস পালন করেছে। সকালে শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে আমানতগঞ্জ থেকে শোভাযাত্রা বের হয়। এরপর পর্যায়ক্রমে ওয়ার্কার্স পার্টি, ইমারত নিমার্ণ শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিকলীগ, জাতীয়তাবাদী শ্রমিক দল নগরীতে পৃথক ভাবে শোভাযাত্রা বের করে।
সার্কিট হাউসে শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটির তাত্পর্য তুলে ধরে আলোচনা সভা হয়।
