পদ্মভূষণ পদক প্রাপ্তি উপলক্ষে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন অধ্যাপক আনিসুজ্জামানকে সংবর্ধনা জানালো গতকাল শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে এ সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে দেশের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদগণ উপস্থিত ছিলেন।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ। প্রশংসাবচন উপস্থাপন করেন অধ্যাপক ও কথাশিল্পী সৈয়দ মনজুরুল ইসলাম। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে পঙ্কজ সরণ অধ্যাপক আনিসুজ্জামানকে একটি ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন। আলোচনা শেষে সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’র শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
উল্লেখ্য, বাংলাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর ইমিরেটাস ড. আনিসুজ্জামান গত ৩১ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে সম্মানসূচক পদ্মভূষণ পদক গ্রহণ করেন। পদ্মভূষণ ভারতের তৃতীয় বেসামরিক সর্বোচ্চ সম্মাননা। এবছর ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাঁকে ভারত সরকার পদ্মভূষণ পদক প্রদান করে।
স্বাগত বক্তব্যে পঙ্কজ সরণ বলেন, অধ্যাপক আনিসুজ্জামান পদ্মভূষণ পাওয়াতে বাংলাদেশের মানুষের মত আমরাও গর্বিত। বাংলাদেশে তিনিই প্রথম ব্যক্তি যিনি ভারতের এই তৃতীয় সর্বোচ্চ বেসরকারি সম্মাননায় ভূষিত হয়েছেন। শিক্ষা ও সাহিত্যে তাঁর অবদানে প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত হবে। তার লেখনী জাতিকে দেশপ্রেমের মূল্যবোধে অনুপ্রাণিত করে।
সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, অধ্যাপক আনিসুজ্জামান জ্ঞানের একজন আধার, বহুমাত্রিক তাঁর জ্ঞানের পরিধি। তাঁর সংস্পর্শে এলে যে কোন মানুষ অনুপ্রাণিত বোধ করে। অধ্যাপক আনিসুজ্জামান মুক্তিযুদ্ধের স্বপক্ষে দেশের যে কোন ক্রান্তিকালে দিক-নির্দেশনা দিয়েছেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এ পদকপ্রাপ্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও দৃঢ় করবে। দুটি দেশের মাঝে সম্পর্কে উত্থান পতন থাকেই। কিন্তু বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। দূরত্ব এলেও তা দীর্ঘস্থায়ী হবে না। গত কয়েক বছর ধরে ভারত-বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি বলেন, আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ তারা আমাকে পদ্মভূষণ প্রদান করায়। একইভাবে আমি ভারতীয় দূতাবাসের কাছেও কৃতজ্ঞ তারা এ সংবর্ধনা দেয়ার জন্য।
এদিকে, অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, গুম-খুন নিয়ে জাতি উদ্বিগ্ন। এটা সত্যিই একটি আতঙ্কের বিষয় হয়ে উঠেছে। সরকার নিশ্চয়ই বিষয়টি নিয়ে ভাবছে।
