ফতুল্লা স্টেডিয়াম নিরাপদ নয়!

আপডেট : ০২ মে ২০১৪, ২৩:১৮
নারায়ণগঞ্জে চলমান অস্থিরতার প্রভাব এবার পড়লো খেলাধুলার উপরও। গতকাল শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব হয়নি। ফলে, অনেকটা বাধ্য হয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু পরিবর্তন করেছে। দুইটি ম্যাচই চলে এসেছে বিকেএসপিতে। আজ শনিবার বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচ দুইটি। তিন নম্বর মাঠে প্রথম আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল মুখোমুখি হবে বিসিবি উত্তরাঞ্চলের এবং ৪ নম্বর মাঠে লড়বে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। হত্যা-অপহরণের জের ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলমান অবরোধ ও সহিংসতার কারণে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ফতুল্লা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনকে নিরাপদ বলে মনে করছে না বিসিবি। তার উপর আগামীকাল রবিবার নারায়ণগঞ্জে হরতাল ডাকা হয়েছে। সব মিলিয়ে খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারটি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী জিয়াউর রহমান। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে চলমান পরিস্থিতি বিবেচনা করেই আমরা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। ফাইনালের সময়সূচি নিয়েও এখন দলগুলোর সাথে আমাদের কথা বলতে হবে।’