ছোটপর্দার জনপ্রিয় মুখ শারমিন শিলা। নব্বইয়ের দশকে টিভি পর্দায় আসা এই অভিনেত্রী এখন পর্যন্ত কাজ করেছেন বহু নাটকে। তবে ইদানীং নাটক থেকে কিছুটা দূরে তিনি। বেছে বেছে কিছু কাজ করলেও ঠিক আগের মতো আর পর্দায় দেখা মিলছে না তার। বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার পার্লার ব্যবসা নিয়ে। পাশাপাশি বাংলাভিশনের একটি রান্নাবিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা করছেন শিলা। অভিনয় থেকে ব্যবসার দিকে ঝুঁকে যাওয়া প্রসঙ্গে শিলা বলেন, ‘সবার কাছে হঠাত্ করে মনে হলেও ঠিক হঠাত্ করে না। আমার আগে থেকেই পরিকল্পনা ছিল যে একটি ব্যবসা করব। তাছাড়া পার্লারের প্রতি একটা শখ আমার অনেক আগে থেকেই। সেই শখ থেকেই চার বছর আগে শুরু করি পার্লারটি। তবে এখন শখের পাশাপাশি ব্যবসায়িক একটা চিন্তা আছে। তাই এখন সম্পূর্ণ সময়টা পার্লারে দিচ্ছি।’ তবে ব্যবসার দিকে ঝুঁকে গেলেও আবারও অভিনয়ে ফিরবেন বলে জানান শিলা।
এখন পর্যন্ত ছোটপর্দায় অনেক কাজ করলেও বড়পর্দায় সুযোগ হলেও কাজ করেননি তিনি। এই মুহূর্তেও বড় পর্দা নিয়ে কোনো চিন্তা নেই তার। তবে সামনে অভিনয়ে আবার নিয়মিত হলে বড়পর্দায় কাজ করার কথা ভাববেন তিনি। ব্যাটে বলে মিলে গেলে হয়তো বড়পর্দায়ও দেখা যাবে গুণী এই অভিনেত্রীকে।
