সৈয়দপুরে হাজার হাজার কৃষি শ্রমিক বেকার

আপডেট : ০৩ মে ২০১৪, ২১:২৮
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কৃষি কাজের অভাবে হাজার হাজার কৃষি শ্রমিক বেকার হয়ে পড়েছে। উপজেলার ইরি-বোরো রোপণ, নিড়ানি প্রায় শেষ। আর কাটা-মাড়াই করতে মাস খানেক বাকি রয়েছে। ফলে এসব কৃষি শ্রমিক বর্তমানে সম্পূর্ণ বেকার হয়ে পড়েছে। তারা আগাম জাতের ধান কাটার জন্য বাইরের জেলায় পাড়ি দিচ্ছেন। এলাকায় শিল্প কল-কারখানা না থাকায় কাজের অভাবে সাধারণ মানুষ বিশেষ করে দিনমজুররা চরম বিপাকে পড়েছে। আয়ের উত্স না থাকায় সর্বোপরি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি হওয়ায় এ সকল মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। অনেক পরিবারের পুরুষ সদস্যরা কাজের সন্ধানে বিভিন্ন জেলা সদরে ছুঁটছেন। এবারে খরার মধ্য দিয়ে উপজেলার কৃষি কাজকর্ম কয়েক সপ্তাহ আগেই শেষ হয়ে যায়। কোন কাজকর্ম না থাকায় এসব পরিবারের লোকেরা অনেকেই রিকশা-ভ্যান ইত্যাদি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। এদিকে সৈয়দপুর উপজেলার বাঙ্গালিপুর, কামারপুকুর, খাতামধুপুর, কাশিরাম বেলপুকুর ও বোতলাগাড়ী ইউনিয়নের কৃষক দাদন ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে দুঃসহ জীবন যাপন করছেন। বর্গা ও ক্ষুদ্র চাষীরা উত্পাদিত ফসলের কথা বলে দাদন ব্যবসায়ী ও গ্রাম্য মহাজনদের কাছে আগাম টাকা নিতে বাধ্য হচ্ছেন। কর্মহীন কৃষি শ্রমিকরা আগাম জাতের ধান কাটতে বগুড়া, জয়পুরহাট, সান্তাহার, আক্কেলপুর, রানীনগর প্রভৃতি এলাকায় যাচ্ছেন। তারা বাস ও ট্রেনে চড়ে এসব গন্তব্যে যাচ্ছেন। সাথে রয়েছে তাদের কাস্তে, দড়ি আর ভার বহনের বাংকুয়া।