৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এক ভিন্নধর্মী শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে সাহাপাড়া গ্রামের রনদা নাট মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। শোকসভার পূর্বে মির্জাপুর সাহাপাড়া গ্রামের ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনীর হাতে নিহত শতাধিক নারী-পুরুষের স্মরণে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা হয়। শোকসভায় প্রধান অতিথি ছিলেন ২১শে পদকপ্রাপ্ত, ভারতেশ্বরী হোমসের সাবেক প্রিন্সিপাল এবং বর্তমানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের পরিচালক প্রতিভা মুত্সুদ্দি। মির্জাপুর সাহাপাড়া হরিসভা এ অনুষ্ঠানের আয়োজন করে। হরিসভার কার্যকরী সদস্য ডা. বিমান বোসের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সামসুল ইসলাম সহিদ, ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষক কবি ও সাহিত্যিক হেনা সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি সাবেক ভিপি গোলাম ফারুক সিদ্দিকী প্রমুখ।
