আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা ৫নং বাবুছড়া ইউনিয়নের দুর্গম নাড়াইছড়ি বাজারটির ২৫টি দোকান পুড়ে দিয়েছে। শনিবার দুপুরে কে বা কারা বাজারটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকার কাছাকাছি হবে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নবকমল চাকমা জানান, নাড়াইছড়ি বাজারে কে বা কারা সব দোকান-ঘর পুড়িয়ে দিয়েছে তা এখনো জানা যায়নি। দীঘিনালার মহিলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী ও দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটো জানান, পুড়ে যাওয়ার ঘটনা শুনেছি। এলাকা দুর্গম হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি।
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা দপ্তর থেকে শনিবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এঘটনায় জেএসএস সন্তু গ্রুপকে দায়ী করেছে। নাড়াইছড়ি বাজার পুড়িয়ে দেয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির কেন্দ্রীয় মুখপাত্র সজিব চাকমা জানান, এটি ইউপিডিএফ-এর পরিকল্পিত কাজ। জনসংহতি সমিতি সমর্থক অধ্যুষিত এই বাজারে ইউপিডিএফ-এর সমর্থকরা আগুন দিয়েছে।
