নাইজেরিয়ায় ছাত্রীদের উদ্ধারের দাবিতে অভিভাবকদের বিক্ষোভ

আপডেট : ০৩ মে ২০১৪, ২১:৩৫
নাইজেরিয়ায় অপহূত স্কুল ছাত্রীদের উদ্ধারের দাবিতে মে দিবসে রাজধানী আবুজায় বিক্ষোভ করেছে অভিভাবক ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। অপহূতদের ফিরিয়ে আনার দাবিতে নারী অন্দোলনকারীরা সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে। তাদের খুঁজে বের করতে সরকারি বাহিনীর ব্যর্থতার জন্য সরকারের সমালোচনাও করেন তারা। অপহরণের পর দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল ১২৯ জন স্কুল ছাত্রী অপহূত হয়েছে। তবে অপহূতদের অভিভাবকদের দাবি দুই শতাধিক মেয়েকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে মাত্র ৫৩ জন স্কুল ছাত্রী ফিরে আসতে পেরেছে। অপহূত স্কুল ছাত্রীর সংখ্যা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব শুরু হওয়ায় অভিভাবকের কাছে ছবি চেয়েছে পুলিশ। বর্নো প্রদেশের পুলিশ প্রধান তাংকো লোয়ান জানিয়েছেন, স্কুল ছাত্রীদের অপহরণের সময় বন্দুকধারীরা স্কুলের কাগজপত্র পুড়িয়ে দিয়েছে। একারণে তাদের সব ধরনের তথ্য হারিয়ে গেছে। গত মাসের ১৪ তারিখ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বর্নো প্রদেশের একটি স্কুল থেকে ছাত্রীদের অপহরণের জন্য ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করা হচ্ছে।